সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি পাকিস্তানের পার্লামেন্টে গাধা ঢুকে পড়ার দৃশ্যের।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: কালবেলা (ফেসবুক), বাংলা টিভি (ইউটিউব), নিউজ ফ্ল্যাশ৭১ (ফেসবুক), এনপিবি নিউজ (ইউটিউব)।
এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)।
গণমাধ্যম ছাড়াও নেটিজেনরা আলোচিত দাবিটি অনলাইনে প্রচার করেছেন। নেটিজেন কর্তৃক আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত এরূপ পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
আলোচিত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি পাকিস্তানের পার্লামেন্টে গাধা ঢুকে পড়ার আসল ঘটনা নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়া ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওর সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘@arabianspeed1’ ইউজারনেমের একটি টিকটক অ্যাকাউন্টে গত ৪ ডিসেম্বরে আলোচিত দাবিতে প্রচারিত সম্ভাব্য মূল ভিডিওটি পাওয়া যায়। পোস্টটিতে আলোচিত ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে উল্লেখ করে একটি লেবেলের সংযুক্তি পাওয়া যায়। এছাড়াও, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে নানা অস্বাভাবিকতা পরিলক্ষিত করা যায়, যেমন: এক দৃশ্যে চেয়ার ছাড়া একজনকে বসে থাকতে দেখা যায়, মানুষের অস্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা যায় ইত্যাদি। এরূপ অস্বাভাবিকতা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

উক্ত টিকটক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো একাধিক এআই ভিডিও পাওয়া যায় যেখানে পার্লামেন্ট সদৃশ স্থাপনায় গাধা, ঘোড়ার মতো পশুর ছুটোছুটি করতে দেখা যায়।
এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই ও ডিপফেক কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক ও মিটার’ এ আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করলে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। প্ল্যাটফর্মটির ‘AVSRDD’ ডিটেক্টরের বিশ্লেষণমতে ভিডিওটি ভুয়া বা এআই তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। এছাড়াও, এআই কনটেন্ট শনাক্তকারী আরেক প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এ আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করলে এটি এআই দিয়ে তৈরি কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৯৯.৬ শতাংশ বলে জানা যায়।

পাশাপাশি, অনুসন্ধানে আলোচিত ঘটনা আসল হওয়ার সপক্ষে পাকিস্তানি মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে পাকিস্তানের পার্লামেন্টে গাধা ঢুকে পড়ার আসল ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- arabianspeed1 – Tiktok Post
- DeepFake-O-Meter
- Hive Moderation





