বুধবার, ডিসেম্বর 17, 2025

ঈশ্বরদীতে আহত জামায়াত কর্মীদের ভিডিও প্রচার করা হচ্ছে বিএনপি কর্মী দাবিতে 

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গত ২৭ নভেম্বর বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জামায়াতের দাবি, তাদের নির্বাচনী প্রচারণার সময় বিএনপির লোকজন হামলা করেছেন। বিএনপি বলছে, গ্রামের লোকজন একত্রিত হয়ে জামায়াতের লোকজনকে ধাওয়া দিয়েছে। এরই প্রেক্ষিতে উক্ত হামলায় আহত ও গুলিবিদ্ধ কিছু ব্যক্তি বিএনপি কর্মী দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি পাবনার রাজনৈতিক বিবাদে আহত বিএনপির নেতা-কর্মীদের নয়। প্রকৃতপক্ষে, ওই বিবাদে আহত জামায়াত নেতা-কর্মীদের একটি ভিডিওকে বিএনপির নেতা-কর্মীদের দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘বাঁশেরকেল্লা – Basherkella’ নামক ফেসবুক পেজে গত ২৮ নভেম্বরে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। 

Comparison : Rumor Scanner 

২৩ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির ক্যাপশনে, পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে এই ব্যক্তিরা আকস্মিক হামলার শিকার হন বলে দাবি করা হয়। 

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে গত ২৭ নভেম্বরে ‘Abdullah Al Mahmud’ নামক ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এই পোস্টটিতে হাতে স্লিং (কাঁধে ঝুলিয়ে হাতকে স্থির রাখে) অবস্থায় থাকা ব্যক্তিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান হিসেবে উল্লেখ করতে দেখা যায়। 

এছাড়া, আরো অনুসন্ধানে পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের নামে একটি ফেসবুক পেজে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে এই হামলার অভিযোগ এনে প্রতিবাদ মিছিল করে আবু তালেব মন্ডলের সমর্থকরা। এসময় হাতে স্লিং অবস্থায় থাকা মাহফুজুর রহমানকেও দেখতে পাওয়া যায়। 

উল্লেখিত সূত্র অনুযায়ী এটি স্পষ্টভাবে বলা যায় যে, হামলায় আহত ব্যক্তিরা বিএনপি কর্মী নয়, তারা জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সমর্থক। 

সুতরাং, পাবনার ঈশ্বরদীতে নির্বাচনের প্রচারণাকালে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় আহত জামায়াত নেতা-কর্মীদের ভিডিওকে বিএনপির নেতা-কর্মীর দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img