বুধবার, ডিসেম্বর 17, 2025

আ.লীগের লকডাউন কর্মসূচির সমর্থনে গাছ ফেলে অবরোধের দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, সাধারণ জনগণ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে সড়কে গাছ ফেলে অবরোধ পালন করছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির সমর্থনে সাধারণ জনগণের সড়কে গাছ ফেলে অবরোধ পালন করার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত সেপ্টেম্বরে ফরিদপুরে ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সড়ক অবরোধের পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে গত ৫ সেপ্টেম্বর একটি টিকটক অ্যাকাউন্টে একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটির শিরোনামে বলা হয়, ‘আমাদের ভাংগা তালবাহানা হবে না।’ এছাড়াও ভিডিওটির পরের অংশে একটি ব্যানার দেখতে পাওয়া যায়। ব্যানাটিতে ‘আলগী, হামিরদী ও মানিকদহ ইউনিয়ন বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা’ এবং  ‘প্রচারে: হামিরদী ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ শীর্ষক লেখা দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ভাঙ্গায় অবরোধ পালনের একই ঘটনার ৫ সেপ্টেম্বর প্রচারিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতেও আলোচিত ভিডিওটির সেই কেটে ফেলা গাছটি দেখতে পাওয়া যায়।

মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইট ভাঙ্গার অবরোধ  নিয়ে সেসময় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর স্থানীয় লোকজন গাছ কেটে ও বাঁশ ফেলে অবরোধ করে। মূলত, ফরিদপুর-৪ আসন এত দিন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অবরোধ করেন।

এছাড়াও অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের অবরোধের সমর্থনে সড়কে গাছ ফেলে অবরোধ পালনের কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় অনুষ্ঠিত অবরোধের পুরোনো ভিডিওকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সমর্থনে অবরোধ পালনের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img