ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে দাবিত গত অক্টোবর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি মশাল মিছিলের ভিডিও প্রচারিত হয়ে আসছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে অনুষ্ঠিত কোনো মশাল মিছিলের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, দুর্গাপূজার ছুটি বৃদ্ধি ও সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচারসহ ৮ দফা দাবিতে ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে গত অক্টোবর মাসে গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে কোনো মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Joyanto Roy নামের একজন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর একই ভিডিওর একটি স্পষ্ট সংস্করণ প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, এটি সংখ্যালঘুদের ৮ দফা দাবিতে ভিডিওটি প্রচারের দিন অর্থাৎ, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের ভিডিও।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে একই মিছিলের আরেকটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। উক্ত ভিডিওটিও আগেরটির মত একই জায়গা থেকেই ধারণ করা হয়েছে বলে লক্ষ্য করা যায়। উক্ত ভিডিওর শিরোনামে উল্লেখ করা হয়, সংখ্যালঘুদের উক্ত মশাল মিছিলটি সেসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দুর্গাপূজার ছুটি বৃদ্ধি ও সেসময় সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচারসহ আট দফা দাবিতে ওইদিন মশাল মিছিল করে সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্য-টিএসসির মেট্রোরেল স্টেশন প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনা কালী মন্দিরে গিয়ে মিছিলটি শেষ হয় বলেও জানা যায় প্রতিবেদনটি থেকে।
অর্থাৎ, আলোচিত মশাল মিছিলের ভিডিওটির সাথে শেখ হাসিনা কিংবা গোপালগঞ্জ সম্পর্কিত নয়।
সুতরাং, সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিলের পুরোনো ভিডিওকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে মশাল মিছিল করার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে: যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Joyanto Roy Facebook Post: বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল…. সংখ্যালঘুদের ৮ দফা অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবেই
- The Daily Campus Facebook Post: ঢাবিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনে মশাল মিছিল
- Bangla Tribune Website: ৮ দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল
- Jagonews24 Website: ঢাবিতে সনাতন ধর্মাবলম্বীদের মশাল মিছিল
- Rumor Scanner’s Analysis





