গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। গত ২১ ডিসেম্বর ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি ওসমান হাদির জানাজা শেষে মদের আসরের দৃশ্যের। এছাড়াও, কিছু পোস্টে দাবি করা হয়েছে মদের আসরটিতে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমাও রয়েছেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ওসমান হাদির জানাজার পর মদের আসরের দৃশ্যের নয় বরং, ভিডিওটি ওসমান হাদির জানাজার আগে থেকে অন্তত গত অক্টোবর থেকেই অনলাইনে বিদ্যমান।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘RapRock Vibes’ নামের একটি ফেসবুক পেজে গত ২৪ অক্টোবরে ‘এই যে এই যে মদ খোর’ ক্যাপশনে আলোচিত ভিডিওটি প্রচার হতে দেখা যায়। তবে প্রচারিত পোস্টে ভিডিওটির কোনো প্রেক্ষাপট বা ভিডিওতে প্রদর্শিত তরুণ-তরুণীদের কোনো পরিচয় উল্লেখ করা হয়নি।

এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে সংযুক্ত ভিডিওতে “ভিডিও করিস না, মাত্র হাদী ভাইয়ের জানাজা থেকে আইছি, মাইনষে দেখলে কি কইব” ভয়েসওভার শোনা গেলেও উপরোল্লিখিত পুরোনো ভিডিওতে তা শোনা যায়নি। অর্থাৎ, এই ভয়েসওভারের অংশ পরবর্তীতে সংযুক্ত করা হয়েছে।
এদিকে, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। গত ২১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। অর্থাৎ, উক্ত ভিডিওটি হাদির জানাজার অন্তত প্রায় ২ মাস আগে থেকেই অনলাইনে আছে। সুতরাং, ভিডিওটি হাদির জানাজার পরের ভিডিও হওয়ার দাবিটি অযৌক্তিক।
সুতরাং, ওসমান হাদির জানাজার পর মদের আসরের দৃশ্য দাবিতে ইন্টারনেটের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- RapRock Vibes – Facebook Post
- Prothom Alo – শহীদ হাদির জানাজায় লাখ লাখ মানুষ





