বুধবার, জানুয়ারি 14, 2026

গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরকে তার পদ থেকে বহিষ্কারের ভুয়া দাবি

নির্বাচনী জোট বা আসন সমঝোতার বিষয়ে একক সিদ্ধান্ত নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুরকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে– এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দাবিটির পক্ষে দলটির অফিশিয়াল প্যাডের একটি বিজ্ঞপ্তির ছবি প্রচার হচ্ছে, যাতে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের স্বাক্ষরও দেখা যাচ্ছে। দাবিটি আরটিভির আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমেও প্রচার করা হচ্ছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরকে তার পদ থেকে বহিষ্কারের দাবিটি সঠিক নয় এবং আরটিভিও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দলটির প্রচলিত প্যাডে সাধারণ সম্পাদকের ভুয়া স্বাক্ষর ব্যবহার করে দাবিটি প্রচার হয়েছে। একইভাবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আরটিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গণঅধিকার পরিষদের দুইটি অফিশিয়াল ফেসবুক পেজ (, ) এবং দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের ফেসবুক প্রোফাইলে এমন দাবির কোনো পোস্ট পাওয়া যায়নি৷ তবে মামুন তার ফেসবুক প্রোফাইলে গতকাল এক ভিডিও বার্তায় জানান, “সোস্যাল মিডিয়ায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে যে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে তা ফেইক এবং বানোয়াট।” দলটির ফেসবুক পেজেও একই তথ্য জানানো হয়েছে। মামুন জানান, এই প্রেস রিলিজে তার স্বাক্ষর অন্য জায়গা থেকে কপি করে বসিয়ে দেওয়া হয়েছে। 

পরবর্তীতে আরটিভির আলোচিত ফটেকার্ডটির বিষয়ে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের মিল থাকলেও ফন্টের গাঢ়ত্ব ও আকারে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

আরটিভি প্রকাশিত ফটোকার্ডগুলোতে সাধারণত কিউআর কোড দেওয়া থাকে। কোডটি স্ক্যান করলে সংশ্লিষ্ট সংবাদের ওয়েবসাইট লিংক পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডেও একটি কিউআর কোড রয়েছে। কোডটি স্ক্যান করার পর ‘আইসিসিকে বিস্তারিত যা জানাল বিসিবি’ শিরোনামের একটি সংবাদের লিংক পাওয়া যায়, যার সাথে নুরুল হক নুরকে নিয়ে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। এই সংবাদের সূত্রে আরটিভির ফেসবুকে পেজে একই সংবাদের একটি ফটোকার্ড পাওয়া যায়, যাতে একই কিউআর কোড রয়েছে৷ 

অর্থাৎ, এই ফটোকার্ডটিই সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি বানানো হয়েছে৷ 

আরটিভির পক্ষ থেকেও একটি ফেসবুক পোস্টে উক্ত ফটোকার্ডটি তাদের তৈরি নয় বলে জানানো হয়েছে। 

সুতরাং, গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরকে তার পদ থেকে বহিষ্কারের দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img