সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে যেখানে তিনজন ব্যক্তির সামনে তিনটি হাঁস টেবিলে রাখা হয়েছে। ছবিটি প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘দিনে দাওয়াতি কাজের আড়ালে রাজনৈতিক প্রচার চালিয়ে রাতে হাঁস চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নোয়াখালী সদর থানার পুলিশ তিন শিবির কর্মীকে আটক করেছে। স্থানীয়দের ভাষায়- তারা রাতে “হাঁস পার্টি” করত! এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সম্প্রতি নোয়াখালীতে হাঁস চুরির ঘটনায় আটক শিবির কর্মীর ছবি নয় বরং, কুমিল্লার লাকশামে ‘নাশকতার’ অভিযোগে ২০১৮ সালে আটক তিন শিবির নেতার ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত ছবির বিষয়ে অনুসন্ধানে কুমিল্লা ভিত্তিক সংবাদমাধ্যম ‘আজকের কুমিল্লা’র ওয়েবসাইটে ‘লাকসামে নাশকতার অভিযোগে ৩ শিবির নেতা আটক’ শিরোনামে ২০১৮ সালের ৮ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির তুলনা করলে টেবিলে থাকা হাঁস ব্যতীত বাকী সবকিছুর মিল পাওয়া যায়। হাঁসের বদলে টেবিলে বেশ কিছু বই দেখা যায়।

এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার অভিযোগে ৩ শিবির নেতাকে আটক করে লাকসাম থানা পুলিশ। শুক্রবার (৭ সেপ্টেম্বর ২০১৮) উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বেতিহাটি গ্রামের সাবেক মেম্বার আবদুর রহিমের বাড়ি থেকে জিহাদী বইসহ বৈঠক চলা অবস্থায় ওই ৩ জনকে আটক করা হয়।’
এছাড়াও, অনুসন্ধানে ‘সানাউল্লাহ খান কুমিল্লা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ঘটনার দাবিতে আলোচিত আসল ছবিটি ২০১৮ সালের ৮ সেপ্টেম্বরে প্রচার হতে দেখা যায়। পাশাপাশি, ২০১৮ সালের ৮ সেপ্টেম্বরে আরো একাধিক ফেসবুক পেজ থেকেও একই ঘটনার দাবিতে আলোচিত আসল ছবিটি প্রচার হতে দেখা যায়।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ২০১৮ সালে লাকসামে ‘নাশকতার’ অভিযোগে আটক হওয়া ৩ শিবির নেতার ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাতে হাঁসের ছবি সংযুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, কুমিল্লার লাকশামে ‘নাশকতার’ অভিযোগে ২০১৮ সালে আটক তিন শিবির নেতার ছবি সম্পাদনা করে সম্প্রতি নোয়াখালীতে হাঁস চুরির ঘটনায় আটক শিবির কর্মীর ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Ajker Cumilla – লাকসামে নাশকতার অভিযোগে ৩ শিবির নেতা আটক
- Sanaullah Khan Comilla – Facebook Post
- কুমিল্লার পাতা – Facebook Post
- Rumor Scanner’s analysis





