সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, ‘জামাত নিয়ন্ত্রিত ডা. ইউনুস কে বিশ্বাস করছি না। খালেদা জিয়া অসুস্থ থাকলেও নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমান দেশে ফিরবেন না।’

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি ৯০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত নিয়ন্ত্রিত ড. ইউনূসকে বিশ্বাস করছি না শীর্ষক মন্তব্য করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। প্রকৃতপক্ষে, জাইমা রহমানের নামে পরিচালিত এক ভুয়া ফেসবুক পেজের পোস্টকে জাইমা রহমানের আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে। তাছাড়া, জাইমা রহমানের কোনো ফেসবুক পেজ নেই।
এ বিষয়ে অনুসন্ধানে জামায়াত নিয়ন্ত্রিত ড. ইউনূসকে বিশ্বাস করছি না শীর্ষক মন্তব্য জাইমা রহমানের করার দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
আলোচিত দাবির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে তারেক রহমান, জোবাইদা রহমানের সাথে জাইমা রহমানের ছবি প্রোফাইল ছবি হিসেবে সংযুক্ত করা ‘Zaima Rahman’ নামের এক ফেসবুক পেজ পাওয়া যায়। পেজটি থেকে গত ২৯ নভেম্বরে করা একটি পোস্টে লেখা হয়, ‘অনেকেই বলছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যেকোন মুহুর্তে মারা যেতে পারেন, এই মুহুর্তে ছেলে হিসেবে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত, মায়ের অন্তিমসময়ে পাশে থাকা উচিত। দেখুন, খোলা চোখে সহজ মনে হলেও এটা খুবই জটিল হিসেব। নির্বাচনের তফশিল ঘোষণার আগে উনি দেশে ফিরবেন না। উনার সিকিউরিটি ইস্যু আছে, উনাকে নিয়ে নানা ষড়যন্ত্র আছে দেশের ভিতরে। আমরা এত সহজে জামাত নিয়ন্ত্রিত ড. ইউনূস সরকারকে বিশ্বাস করছি না। সবকিছু খুলে বলা সম্ভব না। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন।’

উপরোল্লিখিত পোস্ট থেকে আলোচিত দাবির সূত্রপাত। পেজটির ট্রান্সপারেন্সি অংশ পর্যবেক্ষণ করলে দেখা যায়, পেজটি জাইমা রহমানের নামে ২০১৮ সালের ২৩ এপ্রিলে তৈরি করা হয়েছে এবং পেজটি বাংলাদেশ থেকে পরিচালিত হয়ে থাকে৷ অপরদিকে জাইমা রহমান মূলত যুক্তরাজ্যে অবস্থান করেন।
জাইমা রহমানের আসল ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, গত ৫ জুন নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, ডা. জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনও নেই।
এদিকে সাম্প্রতিক সময়ে সর্বশেষ জাইমা রহমানের প্রকাশ্য কোনো বক্তব্যের বিষয়ে অনুসন্ধানে গত ২৩ নভেম্বরে প্রবাসে বসবাসরত নেতাকর্মীদের ভার্চুয়াল সভায় জাইমা রহমানের বক্তব্য দেওয়ার বিষয়ে জানা যায়। বক্তব্যের পুরো অংশ পাওয়া না গেলেও সংক্ষিপ্ত ভিডিও ভাইরালের প্রেক্ষিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জানা যায়, জাইমা রহমান ধন্যবাদ জানিয়ে কয়েকজন বিএনপি নেতার নাম ও অবদান উল্লেখ করেন। তবে, আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, জামায়াত নিয়ন্ত্রিত ড. ইউনূসকে বিশ্বাস করছি না শীর্ষক মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান করেছেন শীর্ষক দাবি মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka Tribune – বিএনপি: জুবাইদা ও জাইমা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই
- Bdnews24 – বিএনপির সভায় জাইমার ‘প্রথম বক্তব্য’
- Rumor Scanner’s analysis





