সম্প্রতি, “নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো? বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরিতে এগিয়ে যাচ্ছে না তো?” শিরোনামে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রের সাথে বাংলাদেশের পারমাণবিক বোমা তৈরির যোগসূত্র টেনে বিবিসি বাংলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্প কেন্দ্রের বিষয়ে প্রতিবেদনের ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বিবিসি বাংলার লোগো ও ওয়েবসাইট লিঙ্কের ঠিকানা সংযুক্তি রয়েছে। এরই সূত্র ধরে বিবিসি বাংলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত হুবহু একই শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২২ নভেম্বরে “নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?’ শীর্ষক বাক্যের পর ‘বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরিতে এগিয়ে যাচ্ছে না তো?’ লেখা হয়েছে। এছাড়া, ‘বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরিতে এগিয়ে যাচ্ছে না তো?’ বাক্যের ফন্টেও অমিল রয়েছে।

অর্থাৎ, বিবিসি বাংলার এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে মূল ফটোকার্ডে নরসিংদীর মাধবদীর ভূমিকম্প কেন্দ্রের বিষয়ে উল্লেখ করা হলেও তাতে বাংলাদেশের পারমাণবিক বোমা তৈরির বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে বিবিসি বাংলার আসল ফটোকার্ডের মন্তব্য বিভাগে সংযুক্ত লিঙ্কের প্রতিবেদন পর্যবেক্ষণ করলে তাতে নরসিংদীতে সম্প্রতি সৃষ্ট হওয়া ভূমিকম্প, বাংলাদেশের সামগ্রিকভাবে ভূমিকম্পের ঝুঁকি, কারণ ও সতর্কতার উল্লেখ পাওয়া যায়। তবে এর সাথে বাংলাদেশের পারমাণবিক বোমা তৈরির কোনো প্রশ্ন বা উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রের সাথে বাংলাদেশের পারমাণবিক বোমা তৈরির যোগসূত্র টেনে বিবিসি বাংলার নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- BBC Bangla – Facebook Post
- BBC Bangla – নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- Rumor Scanner’s analysis





