ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অন্যদিকে, বলিউড তারকা শাহরুখ খান তার দল কেকেআরে খেলার জন্য মুস্তাফিজকে কিনে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তাকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম। এসব ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি ‘মুস্তাফিজুর কে নিয়ে যা বললেন শাহরুখ খান’ শিরোনামে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।
উক্ত ভিডিওতে দাবি করা হয় যে শাহরুখ খান বলেছেন, “আমি মুস্তাফিজকে ছাড়বো না, ভারতীয় ক্রিকেট বোর্ডকে আবারও চিঠি পাঠিয়েছি”।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৬ লাখ ১৬ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৫০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ৭ শত বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ইস্যুতে শাহরুখ খানের বক্তব্যের নয় এবং এই ইস্যুতে শাহরুখ খান এরূপ কোনো বক্তব্য প্রদান করেননি। প্রকৃতপক্ষে, ২০২২ সালে শাহরুখ খানের একটি আসন্ন সিনেমার প্রচারণা ও বলিউডে তার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে করা একটি লাইভ সেশনের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে শাহরুখ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২২ সালের ২৫ জুন প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে শাহরুখ খান সেসময় মুক্তির অপেক্ষমাণ তার সিনেমা ‘পাঠান’ এর প্রচারণা করেন এবং বলিউডে তার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে স্মৃতিচারণ করেন। তিনি এই লাইভ ভিডিওটির কমেন্ট বক্সে ইনস্টাগ্রাম ব্যবহারকারী-ভক্তদের শুভেচ্ছা ও নানান প্রশ্নের উত্তরও দেন। উক্ত ভিডিওটিতে শাহরুখ খানকে তার আইপিএল দল কেকেআর বা বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান সম্পর্কে কথা বলতে দেখা যায়নি।
পরবর্তীতে, উল্লিখিত ইনস্টাগ্রাম লাইভের বিষয়ে ২০২২ সালের জুনে Fry নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও এবং ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ এর প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, মুস্তাফিজুর রহমান ও আইপিএল ইস্যুতে শাহরুখ খানের বক্তব্য দাবিতে শাহরুখ খানের সিনেমার প্রচারণামূলক পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Shah Rukh Khan – Instagram Live
- Bolly Fry – Shah Rukh Khan Live On His Instagram Account
- News 18 – Shah Rukh Khan Says Between Salman Khan and Him, ‘We Don’t Know Who is the Elder Brother’





