রবিবার, জানুয়ারি 25, 2026

জাতীয় ক্রিকেট দল নিয়ে মুশতাক আহমেদের নামে ভুয়া মন্তব্য প্রচার

গত ১১ অক্টোবর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ৮১ রানে হেরে সিরিজ হারে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বলেছেন, “জাতীয় দলের চেয়ে পাড়ার ক্রিকেটের বাচ্চাদের কমন সেন্স ভালো, এদের শাস্তির আওতায় আনা উচিত”।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলোতে সম্মিলিতভাবে ১৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত কিছু পোস্টে বিস্তারিত তথ্যের লিঙ্ক দাবিতে কমেন্টে কথিত প্রতিবেদনের লিঙ্কেরও সংযুক্তি পাওয়া যায়।

এরূপ দাবিতে কথিত প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জাতীয় দলের চেয়ে পাড়ার ক্রিকেটের বাচ্চাদের কমন সেন্স ভালো, এদের শাস্তির আওতায় আনা উচিত’ শীর্ষক মন্তব্য করেননি বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কিছু পোস্টে বিস্তারিত প্রতিবেদনের লিঙ্ক দাবিতে কমেন্টে একটি লিঙ্কের সংযুক্তি পাওয়া যায়। তবে, লিঙ্কের কথিত প্রতিবেদনে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। 

উল্লেখ্য, কথিত প্রতিবেদনে আরো দাবি করা হয়, মুশতাক আহমেদ বলেছেন ‘এই ধরণের উইকেটে রশিদ খানের বলে আপনি চাইলেও বড় শট খেলতে পারবেন না, এই ব্যাপারগুলো আমাদের ব্যাটারদের শিখতে হবে।এগুলো আসলে কমন সেন্সের বিষয়।যা এদের ভিতর দেখা যাচ্ছে না’। 

এ বিষয়ে অনুসন্ধানে ক্রিকেট ভিত্তিক প্ল্যাটফর্ম ‘ক্রিকফ্রেঞ্জি’র ফেসবুক পেজে গত ১২ অক্টোবরে মুশতাক আহমেদের বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায় যেখানে মুশতাককে বলতে শোনা যায়, লাগাতার ডট বল খেলতে থাকলে রশিদ খানের মতো স্পিনারের বিপক্ষে বড় শট খেলতে পারবেন না। তবে উক্ত ভিডিওতে মুশতাক আহমেদকে ‘জাতীয় দলের চেয়ে পাড়ার ক্রিকেটের বাচ্চাদের কমন সেন্স ভালো, এদের শাস্তির আওতায় আনা উচিত’ শীর্ষক মন্তব্য করতে শোনা যায়নি।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে মুশতাক আহমেদের আলোচিত মন্তব্য করার দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। গত ১১ অক্টোবর ম্যাচের পর মুশতাক আহমেদের বক্তব্যের বিষয়ে দেশিয় গণমাধ্যম আমাদের সময়, রাইজিংবিডিক্রিকফ্রেঞ্জির ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। প্রতিবেদনগুলোতে বলা হয়, মুশতাক আহমেদ ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে দলের ব্যাটসম্যানদের টেম্পারামেন্ট ও কৌশলের অভাব নিয়ে হতাশা প্রকাশ করে জানান, সাতজন ভালো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও তাদের আরও ধৈর্যশীল হতে হবে। তিনি বলেন, রশিদ খানের মতো স্পিনারের বিপক্ষে রান নিতে ও স্ট্রাইক রোটেট করতে জানতে হবে, কারণ সোজা খেললে বোলার নিজেই চাপে পড়ে যায়। মুশতাকের মতে, একের পর এক ডট বল খেলে চাপ বাড়ানো উচিত নয়, বরং ওয়ানডে ক্রিকেটকে ৫০ ওভারের মিনি টেস্ট ম্যাচ হিসেবে দেখতে হবে। এই মানসিকতা নিয়ে খেললে কখন ডিফেন্স বা আক্রমণ করতে হবে এবং কোন বোলারকে সম্মান জানাতে হবে, সেই কৌশলগত পদক্ষেপ নিতে সুবিধা হবে এবং গাণিতিকভাবে প্রতিপক্ষের চেয়ে স্মার্ট হওয়া যাবে।

তবে, কোনো প্রতিবেদনে মুশতাক আহমেদকে আলোচিত ‘জাতীয় দলের চেয়ে পাড়ার ক্রিকেটের বাচ্চাদের কমন সেন্স ভালো, এদের শাস্তির আওতায় আনা উচিত’ শীর্ষক মন্তব্য করার কোনো উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ  ‘জাতীয় দলের চেয়ে পাড়ার ক্রিকেটের বাচ্চাদের কমন সেন্স ভালো, এদের শাস্তির আওতায় আনা উচিত’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img