রবিবার, জানুয়ারি 25, 2026

মুস্তাফিজ ও আইপিএল ইস্যুতে মোহাম্মদ শামির নামে ভুয়া মন্তব্য প্রচার

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে নানা ভারতীয় অ্যাকাউন্ট থেকে দাবি প্রচার করা হয়েছে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি বলেছেন- “আমি স্বীকার করি যে মুস্তাফিজুর দোষী নন, কিন্তু শেষ পর্যন্ত এই খেলোয়াড়টি সেই দেশ থেকেই এসেছে, যেখানে আমাদের হিন্দু ভাইদের ওপর নির্যাতন করা হচ্ছে এবং তাদের পুড়িয়ে মারা হচ্ছে। এর জন্য বাংলাদেশকে মূল্য দিতে হবে।” (অনূদিত)

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি ৪ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ৩২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি মুস্তাফিজ ও আইপিএল ইস্যুতে বাংলাদেশকে মূল্য দিতে হবে শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই মোহাম্মদ শামির নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও দেশি বা বিদেশি মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে মোহাম্মদ শামি এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা ভারতীয় ও আন্তর্জাতিক নানা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।

এছাড়া, মোহাম্মদ শামির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে শামিকে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও ২০২৫ এ শামির ক্রিকেটিয় ক্যারিয়ার নিয়ে পোস্ট করতে দেখা যায়। তবে কোথাও মোহাম্মদ শামিকে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।

সুতরাং, মোহাম্মদ শামি মুস্তাফিজ ও আইপিএল ইস্যুতে বাংলাদেশকে মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত বিষয়টি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img