গত ১১ নভেম্বর ঠাকুরগাঁওয়ে বিএনপির আলোচনা সভায় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল একটি বক্তব্য দিয়েছিলেন। সম্প্রতি বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ‘আ: লীগের চামড়া তুলে নেওয়া হবে বলতে চেয়েছিলাম, মুখ দিয়ে মামলা তুলে নেওয়া হবে চলে এসেছিল: মির্জা ফখরুল’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়াই আলোচিত মন্তব্যটি মির্জা ফখরুলের নামে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এছাড়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পেজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। তার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব এমন মন্তব্য করলে গণমাধ্যমেও প্রচার হওয়ার কথা ছিল। কিন্তু গণমাধ্যমে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
গত ১১ নভেম্বর ঠাকুরগাঁওয়ে বিএনপির আলোচনা সভায় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘আ.লীগ যেভাবে মামলা করেছে, বিএনপি সেভাবে মামলা করতে চায় না। কারণ বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করেনা,ভালবাসা আর প্রেমবদ্ধ হয়ে রাজনীতি করে। যদি আ: লীগের প্রতি প্রতিহিংসা করে কোনো মামলা করা হয় তাহলে সে মামলা তুলে নেওয়া হবে……।’
সুতারাং, আওয়ামী লীগ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Channel One News – আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলা হয়ে থাকলে তুলে নেয়া হবে; ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
- BNP Media Cell – Facebook page
- Rumor Scanner’s Own Analysis





