১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে “রাজধানীতে কোটি কোটি আওয়ামী লীগ সমর্থকদের ঢল” দাবিতে একটি ছবি প্রচার করা হচ্ছে।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি লকডাউন কর্মসূচিকে ঘিরে ঢাকায় আওয়ামী লীগ সমার্থকদের সমাগমের দৃশ্য নয় বরং, ২০১৩ সালে শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়া, আলোচিত ছবিটির সূত্রপাত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে যা আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Iqbal Tv’ নামের একটি ফেসবুক পেজে গত ১২ নভেম্বর আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘Iqbal Tv’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, “এই পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে কোনো পোস্টকে সিরিয়াসলি নেবেন না।” এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়া এরূপ আরো নানা পোস্ট পাওয়া যায়। পোস্টে থাকা ফটোকার্ডগুলোর নিচে বিজ্ঞাপনের অংশে ‘মিরাজ মাদারবোর্ড, গেলে ডিসপ্লে যাবে মাদারবোর্ড যাইতে দেরি আছে’ লেখা পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে, প্রকৃতপক্ষে পেজটি কোনো আসল সংবাদমাধ্যম নয়। এছাড়াও, পেজটির লোগোও মূলধারার গণমাধ্যম JamunaTV -এর আদলে তৈরি।
পরবর্তী সময়ে আলোচিত দৃশ্যের বিষয়ে অনুসন্ধানে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা ট্রিবিউনে ‘The freedom fighters of 2013’ শিরোনামে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের মিল পাওয়া যায়।

ঢাকা ট্রিবিউনের প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১৩ সালে শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরের দাবিতে প্রায় ১৮০ দিনব্যাপী আন্দোলন অনুষ্ঠিত হয়। আলোচিত ছবিটি সেই সময়ের দৃশ্য।
এছাড়া, আন্তর্জাতিক স্টক ফটোগ্রাফি সংস্থা Alamy-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবির সঙ্গে প্রচারিত ছবিটির মিল পাওয়া গেছে। ছবিটির ক্যাপশনে অনুযায়ী, ছবিটি ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারির, সেদিন বাংলাদেশের সামাজিক কর্মীরা [যুদ্ধাপরাধীদের] ফাঁসির দাবিতে শাহবাগে মোমবাতি প্রজ্জ্বলনের অনুষ্ঠানে অংশ নেন।
সুতরাং, ঢাকায় ১৩ নভেম্বর উপলক্ষ্যে ঢাকায় কোটি কোটি আওয়ামী লীগ সমার্থকদের সমাগম দাবিতে ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Iqbal Tv – Facebook Post
- Dhaka Tribune – The freedom fighters of 2013
- Alamy – Online Image
- Rumor Scanner’s analysis





