গত বছরের অন্তত ১৯ ডিসেম্বর থেকে ‘আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে নির্বাচনের প্রচার শুরু করেছেন মাশরাফি বিন মর্তুজা’ ক্যাপশনে সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ২ লাখ ৫৭ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ১৫ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ২ হাজার বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাশরাফি বিন মোর্ত্তজার নির্বাচনী প্রচারণা দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়৷ প্রকৃতপক্ষে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২০২৩ সালের ডিসেম্বরে মাশরাফির প্রচারণার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷ এছাড়া, আসন্ন নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অংশগ্রহণ সংক্রান্ত কোনো রায় ঘোষিত হয়নি। কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
মাশরাফি বিন মোর্ত্তজার নির্বাচনী প্রচারণার ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৫ ডিসেম্বর ‘কেমন ছিলো মাশরাফির নির্বাচনী প্রচারণার প্রথম দিন?’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে মাশরাফি ও তার পোশাক-পরিচ্ছদ ও ভিডিওটির পারিপার্শ্বিকতার সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
পরবর্তীতে, একই দিনে আরেক গণমাধ্যম এখন টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকেও একই ধরণের তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে সাম্প্রতিক সময়ে মাশরাফি বিন মোর্ত্তজার আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচারণা বা জনসংযোগের কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার একাধিক সময়ে (১, ২) মন্তব্য করেছেন যে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। তিনি বলেন, ‘আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। স্থগিত দল হওয়া মানে তাদের যাবতীয় কার্যক্রম স্থগিত। তাই আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না।’
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে শীর্ষক দাবিটির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, সাম্প্রতিক সময়ে আসন্ন নির্বাচন উপলক্ষে মাশরাফি বিন মোর্ত্তজার নির্বাচনী প্রচারণা দাবিতে ২০২৩ সালে নির্বাচনী প্রচারণার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BanglaVision – কেমন ছিলো মাশরাফির নির্বাচনী প্রচারণার প্রথম দিন?
- Ekhon TV – নড়াইলে জমে উঠেছে নির্বাচনী মাঠ
- BSS News – আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল
- Channel 24 – আ.লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, জানালেন ইসি আনোয়ারুল





