সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৩ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী মাওলানা মামুনুল হককে জড়িয়ে কিছু ছবি ও তথ্য ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। দাবি করা হয়েছে যে, প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ে মামুনুল হকের বড় ভাই মাহফুজুল হক ও ঢাকা ৩৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর আসিফ আহমেদ সরকারের সাক্ষাৎ করার দৃশ্য।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাহফুজুল হক ও আসিফ আহমেদ সরকারের সাক্ষাতের প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয়৷ প্রকৃতপক্ষে, অন্তত ২০২০ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান তাদের সাক্ষাতের ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে আসিফ আহমেদ সরকারের নামে পরিচালিত ফেসবুক পেজে ২০২০ সালের ১৪ অক্টোবর প্রকাশিত পোস্টে আলোচিত ছবিগুলোর অনুরূপ কিছু ছবি খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২০ সালের অক্টোবরে মাওলানা মাহফুজুল হক দেশের কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) মহাসচিব পদে নির্বাচিত হলে তাকে শুভেচ্ছা জানিয়ে সংযুক্ত ছবিগুলো প্রকাশ করা হয়।
এছাড়া, একই ফেসবুক পেজ থেকে ২০২১ সালের ৩০ মার্চ ‘কোনটা সত্য? কোনটা মিথ্যা!’ হ্যাশট্যাগে প্রকাশিত একটি পোস্টে সংযুক্ত নয়টি ছবির মধ্যে আলোচিত দাবিতে প্রচারিত ছবি দুটিও খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, প্রচারিত ছবিগুলোর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেনি।
সুতরাং, ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হকের বড় ভাই মাহফুজুল হক ও ঢাকা ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ সরকারের সাম্প্রতিক সাক্ষাতের দৃশ্য দাবিতে ২০২০ সালের ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Asif Ahmed Sarker – Facebook Post
- Asif Ahmed Sarker – Facebook Post





