সম্প্রতি, “মালয়েশিয়া প্রবাসী দেশে এসে বাচ্চা নিয়ে এখন রাস্তায়, কোম্পানি পাঠিয়ে দেওয়ার কারণে বউ চলে গেছে টাকা পয়সা নিয়ে” শীর্ষক শিরোনাম সংবলিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ইন্সটাগ্রামে প্রচারিত দাবি দেখুন: এখানে এবং এখানে।
একই শিরোনামে ইউটিউবে প্রচারিত দাবি দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মালয়েশিয়া প্রবাসী দেশে এসে বাচ্চা নিয়ে এখন রাস্তায়’ শিরোনামে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ছবি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে এর পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, আলোচিত দাবি সংবলিত ছবিটির বিষয়ে নিশ্চিত হতে রিউমর স্ক্যানার ছবিটি ‘Hive Detect AI’ টুল দিয়ে পরীক্ষা করে। বিশ্লেষণে দেখা যায়, এটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

পাশাপাশি, ‘ডিপফেক-ও-মিটার’ টুলের ‘NPR (2024)’ মডেলের বিশ্লেষণেও প্রচারিত ছবিটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা সিংহভাগ বলে জানানো হয়।
উল্লেখ্য, মালয়েশিয়ায় অবৈধভাবে গিয়ে ১৮ বছর নিখোঁজ থাকা জাহাঙ্গীর আলম গুরুতর অসুস্থ অবস্থায় দেশে ফিরে আসেন। ফিরে দেখেন তার বাবা-মা আর নেই, স্ত্রীও অন্যত্র সংসার করছেন। তবে, জাহাঙ্গীর আলম নামক এই ব্যক্তির ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ব্যক্তির ছবির কোনো মিল পাওয়া যায়নি।
সুতরাং, এআই-তৈরি ছবিকে “মালয়েশিয়া প্রবাসী দেশে এসে বাচ্চা নিয়ে এখন রাস্তায়, কোম্পানি পাঠিয়ে দেওয়ার কারণে বউ চলে গেছে টাকা পয়সা নিয়ে” দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Hive Moderation: AI-Generated Content Detection
- DeepFake-o-meter: AI-Generated Content Detection
- Bonik Barta: মালয়েশিয়ায় গিয়ে ১৮ বছর ‘নিখোঁজ’, দেশে ফিরে দেখেন বাবা-মা নেই, স্ত্রী অন্যের সংসারে
- Rumor Scanner’s Analysis





