সোমবার, ফেব্রুয়ারি 9, 2026

হিযবুত তাহ্‌রীরের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৩ আসনে মাহফুজ আলমের নির্বাচন করার ভুয়া দাবি প্রচার

সম্প্রতি, ‘হি’যবুত তা’হরী বাংলাদেশ থেকে লক্ষীপুর-০৩ আসনে নির্বাচন করবেন মাহফুজ’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম হিযবুত তাহ্‌রীরের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৩ আসনে নির্বাচন করার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য হিসেবে প্রচার করা হয়েছে। হিযবুত তাহ্‌রীর একটি নিষিদ্ধ সংগঠন, তাই এটির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়। এছাড়া গণমাধ্যম সূত্রে জানা গেছে, মাহফুজ আলম নির্বাচনের মনোনয়নপত্রও জমা দেননি।

এ বিষয়ে অনুসন্ধানে, ‘GojobVision নামক নামের একটি ফেসবুক পেজে গত ২৮ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে তবে গজব ভিশনের লোগোর ওপর একটি স্টিকার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ‘GojobVision’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

এছাড়া, কোনো রাজনৈতিক দলকে দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত থাকতে হয়। বর্তমানে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের তালিকায় হিযবুত তাহ্‌রীরের নাম নেই। হিযবুত তাহ্‌রীর একটি নিষিদ্ধ সংগঠন; ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। ফলে হিযবুত তাহ্‌রীরের পক্ষ থেকে মাহফুজ আলমের নির্বাচনে অংশ নেওয়ার কোনো বাস্তব ভিত্তি নেই। এর আগেও মাহফুজ আলমকে হিযবুত তাহ্‌রীরের সদস্য দাবি করে গুজব ছড়ানো হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও সেটি জমা দেননি অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। 

সুতরাং, নিষিদ্ধ সংগঠন প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৩ আসনে মাহফুজ আলমের নির্বাচন করা নিয়ে প্রচারিত দাবিটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img