বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে গত ২৩ ডিসেম্বর কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। যাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। এসময় পুলিশের লাঠিচার্জে রিপাবলিক বাংলা’র সংবাদ উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ আহত হন দাবিতে তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। প্রচারিত ছবিগুলোতে দেখা যায়, ময়ূখের শার্টে রক্ত লেগে আছে।

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ছবি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে রিপাবলিক বাংলা’র সংবাদ উপস্থাপক ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের আহত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, পুলিশের লাঠিচার্জে আহত ভিন্ন এক যুবকের রক্ত ময়ূখের শার্টে লেগে যায়। সেটির ছবি তিনি তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করলে সেটি পরবর্তীতে আলোচিত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ময়ূখ রঞ্জন ঘোষের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনার মাধ্যমে গত ২৩ ডিসেম্বর একই ছবিগুলো সংবলিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়।

পোস্টটির শিরোনামে তিনি লিখেন, সেদিন বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে পুলিশের লাঠিচার্জে আহত এক যুবক তাকে জড়িয়ে ধরলে সেই যুবকের রক্ত তার শার্টে লেগে যায়। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ময়ূখ রঞ্জন ঘোষের শার্টে লেগে থাকা রক্ত তার নয়।
পরবর্তীতে অনুসন্ধানে রিপাবলিক বাংলা’র ইউটিউব চ্যানেলে প্রচারিত একইদিন বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে থেকে ময়ূখ রঞ্জন ঘোষের করা একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। লাইভ ভিডিওটির ৪০ সেকেন্ড সময় থেকে দেখতে পাওয়া যায়, বিক্ষোভে আহত এক যুবককে মাটি থেকে তুলতে গিয়ে ময়ূখের শার্টে তার রক্ত লেগে যায়।

এছাড়াও গত ২৪ ডিসেম্বর আহত ওই ছেলের শারীরিক অবস্থা জানিয়ে রিপাবলিক বাংলায় আরেকটি ভিডিও প্রচার করতেও দেখা যায়।
সুতরাং, কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে রিপাবলিক বাংলা’র সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের আহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Mayukh Ranjan Ghosh Facebook Post
- Republic Bangla Youtube Channel: বেকবাগানে বাংলাদেশি হাই কমিশনের সামনে সনাতনীদের বিক্ষোভ।সামলাতে না পেরে এলোপাথাড়ি লাঠিচার্জ পুলিশের
- Republic Bangla Youtube Channel: সনাতনী রক্তে ভিজল ময়ূখের জামা! ব্যঙ্গ-বিদ্রূপ বাংলাদেশি জিহাদিদের! এটাই চেয়েছিলেন মমতা ব্যানার্জি?
- Rumor Scanner’s Analysis





