শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

বাংলাদেশ প্রসঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনির নামে ভুয়া বক্তব্য প্রচার

গত বছরের শেষপ্রান্তে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে আন্দোলনটি সবচেয়ে ব্যাপক ও সংঘাতপূর্ণ এক পর্যায়ে পৌঁছেছে। এই আন্দোলন দমনে শত শত মানুষের প্রাণহানি এবং হাজার হাজার মানুষ আটকের খবর পাওয়া যাচ্ছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, দেশজুড়ে চলমান নজিরবিহীন অস্থিরতার পরও বর্তমানে পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে।

এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্ধৃত করে বাংলাদেশকে জড়িয়ে তার নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, তিনি বলেছেন—’এই তো কিছুদিন আগেই বাংলাদেশে আমেরিকার সহায়তায় একটা ঘটনা ঘটে গেল। পুরো বিষয়টি আমরা পর্যবেক্ষণ করেছি। বাংলাদেশের ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা। সুতরাং, যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমার সৈন্যরা প্রস্তুত আছে।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত পোস্ট দেখুন: ইন্সটাগ্রাম, টিকটক, এক্স, থ্রেডস

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশকে জড়িয়ে আয়াতুল্লাহ আলী খামেনি এমন কোনো বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে, কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে এই দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আয়াতুল্লাহ আলী খামেনি বাংলাদেশ প্রসঙ্গে এমন কোনো বক্তব্য দিয়েছেন কিনা, তা যাচাই করতে একাধিক নির্ভরযোগ্য ও অফিসিয়াল সূত্র পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার।

প্রথমে, আলী খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সাম্প্রতিক ভাষণ, বিবৃতি ও বার্তাগুলো পর্যালোচনা করা হয়। সেখানে বাংলাদেশ বা আলোচিত দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে, আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করা হয়। সেখানে সাম্প্রতিক ইস্যুতে বিভিন্ন পোস্ট থাকলেও আলোচিত বক্তব্যের কোনো প্রমাণ মেলেনি।

এছাড়া, ইরানের রাষ্ট্রীয়আধা-রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে খামেনির সাম্প্রতিক বক্তব্য সংক্রান্ত প্রতিবেদন খোঁজা হয়। এসব মাধ্যমেও আলোচিত বক্তব্যের কোনো প্রমাণ মেলেনি।

এ সংক্রান্ত দাবির কিছু পোস্টে দাবি করা হয়, একটি অডিও বার্তায় আলী খামেনি এই বক্তব্য দিয়েছেন, যা প্রকাশ করেছে আল-জাজিরা। কিন্তু কাতার-ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আল-জাজিরায় এমন কোনো তথ্য মেলেনি। এমনকি আন্তর্জাতিক অন্য কোনো গণমাধ্যমেও এই সংবাদের প্রচার দেখা যায়নি। 

বিষয়টি আরও যাচাই করতে ইরান-সংক্রান্ত তথ্য যাচাইয়ে কাজ করা ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্টনামেহ-এর সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। সংস্থাটির প্রধান সম্পাদক ফারহাদ সুজানচি রিউমর স্ক্যানারকে জানান, “আমরা এখানে (ইরান) এটি প্রচার হতে দেখিনি। তবে খামেনির ভাষণগুলো পর্যালোচনা করেও এমন কোনো বক্তব্য খুঁজে পাইনি।”

সুতরাং, বাংলাদেশকে জড়িয়ে আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img