গত ৩০শে ডিসেম্বর, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদের একটি বক্তব্য যুক্ত ফটোকার্ড প্রচার করা হয়। যেখানে দাবি করা হয় কর্নেল অলি বলেছেন, “আ.লীগ ক্ষমতায় থাকলে ঢাকায় খালেদা জিয়ার জানাজা হতে দিতো না, করতে চাইলে হাসিনা গুলি করে হলেও ঠেকাতো, আর আজ হাসিনা কুমিরের কান্না করছে, কিছু কিছু ভারতপন্থী বিএনপি নেতাকর্মী তাতে আনন্দিত হচ্ছে।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে যায়, খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক জানানো প্রসঙ্গে ড. কর্নেল অলি কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে এটি তৈরি ও প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটির লোগো ও গ্রাফিক ডিজাইন বিশ্লেষণ করে দেখা যায়, এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ফটোকার্ডের সঙ্গে আংশিক সাদৃশ্য রয়েছে। তবে বাংলাভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে BhangaVision নামে একটি ফেসবুক পেজে একই ফটোকার্ডের সন্ধান পাওয়া যায়, যা দাবিটির মূল উৎস। উক্ত পেজে প্রকাশিত ফটোকার্ডগুলোর ডিজাইন বাংলাভিশনের ফটোকার্ডের আদলে তৈরি হলেও ক্ষুদ্র লোগোর ক্ষেত্রে ‘Bangla’ শব্দের পরিবর্তে ‘Bhanga’ লেখা রয়েছে।

BhangaVision নামের ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটির ‘অ্যাবাউট’ বিভাগে এটি একটি বিনোদনমূলক পেজ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পেজটির বায়োতে বলা হয়েছে, “খবরের পেছনের খবর তুলে আনাই আমাদের কাজ। সত্য ১০ শতাংশ, বিনোদন ৯০ শতাংশ। Bhanga Vision ফলো করুন, মন ভালো রাখুন।”
এ বিষয়ে আরও অনুসন্ধানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ড. কর্নেল অলি আহমদের মূল বক্তব্য পাওয়া যায়। শোকবার্তায় তিনি বলেছেন, “দেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপোসহীন।”

দৈনিক জাতীয় পত্রিকা জনকণ্ঠের ৩০ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম (অব.)। শোকবার্তায় তিনি বলেন, “দেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপোসহীন।”
কর্নেল অলি আহমদ মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমে প্রচারিত দাবিটি সমর্থন করে এমন কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক জানানো প্রসঙ্গে কর্নেল অলির প্রচারিত বক্তব্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Liberal Democratic Party – Facebook Post
- Janakantha – খালেদা জিয়ার মৃত্যুতে কর্নেল অলির শোক
- BhangaVision – Facebook Post
- Rumor Scanner’s own analysis





