বুধবার, ডিসেম্বর 17, 2025

যমুনা টিভির নামে ভুয়া অ্যাকাউন্ট, খালেদা জিয়ার মৃত্যুর গুজবে ১৭ মিলিয়ন ভিউ

গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন এবং আলোচনা চলছে সর্বত্র। এরই প্রেক্ষিতে টিকটকে যমুনা টেলিভিশন নামের একটি অ্যাকাউন্টে অন্তত চারবার ভিন্ন ভিন্ন ভিডিওর মাধ্যমে প্রচার হয়েছে খালেদা জিয়ার মৃত্যুর দাবি। ভিডিওগুলো সম্মিলিতভাবে দেখা হয়েছে প্রায় ১৭ মিলিয়নের বেশি বার। 

উক্ত দাবির টিকটকের ভিডিওগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওগুলোতে খালেদা জিয়ার মৃত্যুর যে দাবি করা হচ্ছে তা সঠিক নয় বরং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রকৃতপক্ষে, অপ্রাসঙ্গিক ফুটেজ এবং খালেদা জিয়াকে বিভিন্ন ব্যক্তিবর্গের দেখতে যাওয়ার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওগুলোতে থাকা ফুটেজগুলো পর্যালোচনা করে চারটি ভিডিওতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি কান্নার ভিডিও প্রচার করতে দেখা যায়। ভিডিওতে মির্জা ফখরুলকে বলতে শোনা যায়, ‘আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই’। এরপরই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ২০১৮ সালের ২৭ নভেম্বর মূল ধারার গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

সমকালের এক প্রতিবেদন থেকে জানা যায়, নির্বাচন সামনে রেখে সংবাদ সম্মেলন করে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের চিঠি বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দিতে গিয়ে সে সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে এই প্রথম নির্বাচনে যাচ্ছে বিএনপি— এই কথা বলে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরেকটি ভিডিওতে যমুনা টিভির একজন সংবাদ পাঠিকাকে খালেদা জিয়ার মৃত্যুর খবর পাঠ করতে দেখা যায়। রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, মূল ভিডিওতে উক্ত সংবাদ পাঠিকাকে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নয়, পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব সংক্রান্ত সংবাদ পাঠ করছিলেন। গত ২৭ নভেম্বর যমুনার ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়। 

Comparison: Rumor Scanner  

এছাড়া, এসব ভিডিওতে অন্যান্য যে ফুটেজগুলো ব্যবহার হয়েছে তা সাম্প্রতিক সময়ে হাসপাতালে বিভিন্ন ব্যক্তিবর্গের খালেদা জিয়াকে দেখতে যাওয়ার ফুটেজ।  

প্রচারিত চারটি ভিডিও Jamuna Television নামের যে টিকটক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, তা যমুনা টিভির আসল অ্যাকাউন্ট নয়। অ্যাকাউন্টটির নাম Jamuna Television নাম হলেও এটির ইউজার নেম fx.suhed.ahmed। সাড়ে চার লক্ষ ফলোয়ারের অ্যাকাউন্টটিতে নিয়মিতই মনগড়া ও ভুয়া তথ্য দিয়ে ভিডিও বানিয়ে প্রচারের বিষয়টি লক্ষ্য করেছে রিউমর স্ক্যানার। 

Screenshot: Facebook 

এদিকে, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ব্রিফ করেছেন। ২ ডিসেম্বর দুপুরের এই ব্রিফে তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

সুতরাং, যমুনা টিভির নাম ব্যবহার করে টিকটকে ভুয়া অ্যাকাউন্ট খুলে খালেদা জিয়ার মৃত্যু দাবিতে একাধিক ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img