গত ১৩ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২-২ এ ড্র হওয়া ম্যাচটিতে বাংলাদেশের হয়ে দু’টি গোলই করেন হামজা চৌধুরী যার প্রথম গোলটি আসে বাইসাইকেল/ওভারহেড কিক থেকে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসজির পর্তুগিজ ফুটবলার জোয়াও নেভেসের ছবি প্রোফাইল ছবিতে সংযুক্ত করা জোয়াও নেভেসের নামে পরিচালিত এক ফেসবুক পেজের পোস্টের স্ক্রিনশট প্রচার করা হয়। স্ক্রিনশটে পোস্টটিতে হামজা চৌধুরীর গোলের সাথে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর এক বাইসাইকেল কিকের এক কোলাজ ছবির পোস্ট দেখা যায়। কোলাজ ছবির পোস্টটির স্ক্রিনশট প্রচার করে ক্যাপশনে লেখা হয়, ‘হামজা চৌধুরীর বাইসাইকেল সটে করা গোলকে cr7 এর গোলের সাথে তুলনা করলেন পিএসজি তারকা জোয়াও নেভেজ’।
অর্থাৎ, দাবি করা হয়েছে, নেপালের বিপক্ষে হামজা চৌধুরীর বাইসাইকেল কিকে করা গোলকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের সাথে তুলনা করে পোস্ট করেছেন জোয়াও নেভেস।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটিতে এককভাবে ২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নেপালের বিপক্ষে হামজা চৌধুরীর বাইসাইকেল কিকে করা গোলকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের সাথে তুলনা করে পোস্ট দেননি পিএসজির পর্তুগিজ ফুটবলার জোয়াও নেভেস। প্রকৃতপক্ষে, জোয়াও নেভেসের নামে পরিচালিত এক ভুয়া ফেসবুক পেজের পোস্টকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘João Neves’ নামক উক্ত ফেসবুক পেজের বিষয়ে অনুসন্ধানে একই প্রোফাইল ছবি ও নাম সংবলিত উক্ত ফেসবুক পেজটি পাওয়া যায়। পেজ পর্যবেক্ষণে গত ১৪ নভেম্বর রাত ১ টা ৩৫ মিনিটে আলোচিত পোস্টটি উক্ত ফেসবুক পেজ থেকে পোস্ট হতে দেখা যায়।

পেজটির বায়ো পর্যবেক্ষণ করলে তাতে লেখা পাওয়া যায়, ‘জোয়াও নেভেস -এর ফ্যান পেজ, আসল জোয়াও নেভেস নন। এই পেজটি ভক্তদের তৈরি, কাউকে প্রতারিত বা নকল করার উদ্দেশ্যে নয়।’ (অনূদিত)। এছাড়াও, পেজটির ‘Transparency’ সেকশন পর্যবেক্ষণ করলে দেখা যায় এটি গত ২১ জুলাই ‘Basset Bosses’ নামে তৈরি করা হয়েছে এবং গত ২৬ আগস্ট পেজের নাম পাল্টে ‘জোয়াও নেভেস’ এর নাম দেওয়া হয়। এছাড়াও, পেজটি মূলত বাংলাদেশ থেকেই পরিচালিত হতে দেখা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত পেজটি পর্তুগিজ ফুটবলার জোয়াও নেভেসের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত হলেও প্রকৃতপক্ষে এটি একটি ভুয়া পেজ।
এছাড়াও, ‘জোয়াও নেভেস’ এর ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও এরূপ কোনো পোস্ট পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও হামজা চৌধুরীর গোলের বিষয়ে জোয়াও নেভেসের কোনো পোস্ট বা মন্তব্যের বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, নেপালের বিপক্ষে হামজা চৌধুরীর বাইসাইকেল কিক থেকে করা গোলকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের সঙ্গে তুলনা করে পিএসজির পর্তুগিজ ফুটবলার জোয়াও নেভেস ফেসবুকে পোস্ট করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis





