সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেডকোচ হ্যাভিয়ের কাবরেরা বলেছেন, ‘আমি বাংলাদেশের ফুটবলকে উন্নতির দিকে নিয়ে গেছি, এবার আমার টার্গেট ভারত। কোচ হিসেবে ভারতকে বিশ্বকাপে নিয়ে যেতে চাই!’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলোতে সম্মিলিতভাবে প্রায় ১০ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেডকোচ হ্যাভিয়ের কাবরেরা ‘আমি বাংলাদেশের ফুটবলকে উন্নতির দিকে নিয়ে গেছি, এবার আমার টার্গেট ভারত; কোচ হিসেবে ভারতকে বিশ্বকাপে নিয়ে যেতে চাই’ শীর্ষক মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই হ্যাভিয়ের কাবরেরার মন্তব্য দাবিতে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে হ্যাভিয়ের কাবরেরা এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
হ্যাভিয়ের কাবরেরার ভারতের বিষয়ে সর্বশেষ মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, গত ১৮ নভেম্বর ঢাকায় ভারতীয় ফুটবল দলকে বাংলাদেশের হারানোর পর বাংলাদেশ দলের প্রশংসা করেন এবং ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। উক্ত বক্তব্যে বা এর পরবর্তী সময়েও তাকে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।
সুতরাং, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেডকোচ হ্যাভিয়ের কাবরেরা কোচ হিসেবে ভারতকে বিশ্বকাপে নিয়ে যেতে চান শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Independent Television – আমাদের যেকোনো সময় ভারতকে হারানোর ক্ষমতা আছে: হাভিয়ের কাবরেরা





