সম্প্রতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরবেন কিন্তু কত সালের সেটা বলা যাবে ন’ শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিতে যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে যমুনা টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, মির্জা ফখরুলের ভিন্ন মন্তব্য সংবলিত যমুনা টিভির একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম ও লোগো রয়েছে। তবে, এটি প্রকাশের তারিখ উল্লেখ নেই।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি যমুনা টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে, যমুনার ফেসবুক পেজে গত ২৮ নভেম্বর প্রকাশিত ‘তড়িঘড়ি করে পুলিশ কমিশন ও এনজিও সংক্রান্ত আইন পাস করা সমীচীন হবে না’ শীর্ষক তথ্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। যমুনার মূল ফটোকার্ডটিতে ‘তড়িঘড়ি করে পুলিশ কমিশন ও এনজিও সংক্রান্ত আইন পাস করা সমীচীন হবে না’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরবেন কিন্তু কত সালের সেটা বলা যাবেনা।’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত যমুনা টিভির পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাইছেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। জনগণের ম্যান্ডেট ছাড়া তাড়াহুড়ো করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচীন হবে না।
বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের আগে এই আইনগুলো পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে। যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে। এই আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরবেন কিন্তু কত সালের সেটা বলা যাবেনা’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Jamuna TV – Facebook Page
- Jamuna TV – Website
- Jamuna TV – Youtube Channel
- Jamuna TV – Facebook Post
- Jamuna TV – তড়িঘড়ি করে পুলিশ কমিশন ও এনজিও সংক্রান্ত আইন পাস করা সমীচীন হবে না: মির্জা ফখরুল





