সম্প্রতি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে দন্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে ‘শেখ হাসিনার আমলেই দেশ বেশি নিরাপদে ছিল: ঘোষণা জাতিসংঘের!’ শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উল্লেখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে উদ্ধৃত করে জাতিসংঘ এমন কোনো মন্তব্য করেননি এবং যমুনা টিভিও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, যমুনা টিভির ফেসবুক পেজে গত ১৬ অক্টোবর ‘শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ আসামিপক্ষের যুক্তি খণ্ডন সোমবার’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে যমুনা টিভির লোগো এবং শেখ হাসিনার ছবি মিল রয়েছে। তবে, উভয় শিরোনামের ভিন্নতা রয়েছে। এছাড়াও যমুনা টিভির ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, যমুনা টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, জাতিসংঘের ওয়েবসাইট ও ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও শেখ হাসিনাকে উদ্ধৃত করে এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, শেখ হাসিনাকে উদ্ধৃত করে ‘শেখ হাসিনার আমলেই দেশ বেশি নিরাপদে ছিল: ষোষণা জাতিসংঘের!’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Jamuna TV – Facebook Page
- Jamuna TV – Website
- Jamuna TV – YouTube Channel
- Jamuna TV – Facebook Post
- United Nations – Facebook Page
- United Nations – Website





