সম্প্রতি ‘বরিশালে পাইপগান, দেশীয় অস্ত্রসহ জামায়াত নেতা তারিকুল ইসলাম গ্রেফতার’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বরিশালে পাইপগান, দেশীয় অস্ত্রসহ জামায়াত নেতা তারিকুল ইসলাম গ্রেফতার’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং ফটোকার্ডে যুক্ত ছবিতে থাকা আটককৃত ব্যক্তিও জামায়াত নেতা নন। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ৭ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
অর্থাৎ, আমার দেশ এর ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ছবি যাচাই
আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে দৈনিক জনকণ্ঠ এর ওয়েবসাইটে গত ৮ জানুয়ারি ‘পাইপগান ও দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, তারিকুল ইসলাম তারেক নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য পাইপগান, কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেতার হয়।
একই বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রতিবেদন থেকে জানা যায়, তারিকুল ইসলাম তারেক বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
সুতারাং, ‘বরিশালে পাইপগান, দেশীয় অস্ত্রসহ জামায়াত নেতা তারিকুল ইসলাম গ্রেফতার’ দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Amar Desh – Facebook Page
- Amar Desh – Website
- Amar Desh – YouTube Channel
- Daily Janakantha – পাইপগান ও দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- BSS – বরিশালে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার





