বুধবার, জানুয়ারি 14, 2026

তারেকের দেশে ফেরা প্রসঙ্গে জাইমার ফেসবুক লাইভ দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার 

সম্প্রতি তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তার কন্যা জাইমা রহমান ফেসবুক লাইভে এসেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

ভিডিওটিতে জাইমা রহমানকে বলতে শোনা যায়, “প্রিয় দেশবাসী, আমার আব্বু অতি তাড়াতাড়ি দেশে আসবেন। আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না। তারেক রহমান কখনো ভয়ে মুখ লুকায় না। তিনি বীরের বেশেই দেশে ফিরবেন ইনশাআল্লাহ। অনেকেই আমার আব্বুকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তাদেরকে বলবো তিনি হাজারো যুবকের আবেগ।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে। 

অনুরূপ দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ‘বাবার দেশে ফেরা’ সংক্রান্ত লাইভ ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি এআই প্রযুক্তি ব্যবহারে তৈরি করা একটি ভুয়া ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘Bangladesh Times’ এর ফেসবুক পেজে গত ২৪ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৩৯ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। তবে, অডিওতে অমিল লক্ষ্য করা যায়। 

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে গত ২৫ নভেম্বরে একই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে, গত ২৩ নভেম্বরে অনুষ্ঠিত বিএনপির এক ভার্চুয়াল সভায় প্রথমবারের মতো জাইমা রহমানের অংশগ্রহণের বিষয়ে উল্লেখ পাওয়া যায়। 

৩৯ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওতে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে জাইমা রহমানকে বলতে শোনা যায়, “থ্যাংক ইউ সবাই। এত কষ্ট করে যে আপনারা সবাই এসেছেন, এতো কাজ যে করেছেন। আপনাদের চিন্তাভাবনায় কী অসুবিধা-সুবিধা, এটাও বললেন। আমরা যেন আজ কয়েকটি বিষয়ের ব্যাপারে আলাপ হয়েছে। রিজভী (রুহুল কবির রিজভী) আঙ্কেলও নোট নিয়েছেন, পাভেল (মওদুদ হোসেন পাভেল) আঙ্কেলও। আমরা হয়তো বা সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি।” 

এছাড়া, প্রথমবারের মতো বিএনপির কোনো সভায় তারেক রহমানের মেয়ে ব‍্যারিস্টার জাইমা রহমানের বক্তব্য দেওয়ার বিষয়ে দেশিয় একাধিক (, , ) সংবাদমাধ্যমে খবর প্রচার হতে দেখা যায়। তবে, তার বক্তব্যের কোথাও ‘বাবার দেশে ফেরা’ সংশ্লিষ্ট কোনো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। 

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘DSP-FWA (2019)’ মডেল পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। 

অর্থাৎ, ব্যারিস্টার জাইমা রহমানের ‘বাবার দেশে ফেরা’ সংক্রান্ত লাইভ ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত তা নিশ্চিতভাবে বলা যায়। 

সুতরাং, এআই-প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভিডিওকে তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তার কন্যা জাইমা রহমান ফেসবুক লাইভে এসেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img