গেল অক্টোবরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘সেনা সদস্যরা মুক্ত,, ইউনুর এর খেলা শেষ…’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সেনা সদস্যদের মুক্তি পাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত ১৭ অক্টোবর সংসদ ভবন থেকে গাড়িবহর নিয়ে সেনাপ্রধানের বের হওয়ার ভিডিওকে সেনা সদস্যদের মুক্তি পাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক কালের কন্ঠের ইউটিউব চ্যানেলে গত ১৭ অক্টোবর ‘কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বের হলেন সেনাপ্রধান’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, এটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সংসদ ভবন প্রাঙ্গণ থেকে সেনাপ্রধানের বের হওয়ার দৃশ্য।
পরবর্তীতে, একই দিনে আরেক গণমাধ্যম সারাবাংলার ফেসবুক পেজে ‘সংসদ ভবন থেকে বের হলেন সেনাপ্রধান ওয়াকার-উজ জামান’ ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিওতে আলোচিত ভিডিওটির সাথে সাদৃশ্যপূর্ণ দৃশ্য দেখা যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটির সাথে কারাগারে থাকা সেনা সদস্যদের মুক্তি পাওয়ার দাবির কোনো সম্পর্ক নেই।
এছাড়া, অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ২৪ এর ওয়েবসাইটে ১৭ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ‘জুলাই আহত বীর’ হিসেবে স্বীকৃতিসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা দাবি জানিয়ে সতর্ক করেন, দাবিগুলো পূরণ না হলে তারা গেট না ছাড়ার হুশিয়ারি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাপ্রধানকে নিয়ে আলোচিত ভিডিওটি ওইদিন রাতেই ধারণ করা হয়েছিল।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রে সেনা সদস্যদের মুক্তি পাওয়ার বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, কারাগারে থাকা সেনা সদস্যরা মুক্তি পেয়েছে দাবিতে সেনাপ্রধানের সংসদ ভবন থেকে বের হওয়ার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Kaler Kantho: কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বের হলেন সেনাপ্রধান
- Sarabangla – Facebook Post
- Jagonews24.com: সংসদ ভবনে গেটে জুলাই যোদ্ধারা





