রবিবার, জানুয়ারি 25, 2026

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় সেনা কর্মকর্তার প্রতিক্রিয়া দাবিতে এআই ভিডিও ভাইরাল 

আইপিএল ২০২৬ মৌসুমে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে মুস্তাফিজের বদলে নতুন খেলোয়াড় নেওয়ার অনুমতিও ফ্র্যাঞ্চাইজিটিকে দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পোশাকে একজন ব্যক্তি সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ভিডিওতে সেনা সদস্যের পোশাক পরিহিত এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় ভারতের সব চ্যানেল ও তাদের পণ্য বাংলাদেশে বন্ধ করা হবে। ভারতকে হুঁশিয়ার করতেছি, বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু আমরা লড়াই করতে জানি, তোমাদেরকে শায়েস্তা করতে এদেশের তরুণরাই যথেষ্ট।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে, এখানে এবং এখানে। 

Rony Globe নামক একটি ফেসবুক পেজ থেকে গত ০৩ জানুয়ারি ১৫ সেকেন্ডের এই কনটেন্টটি আপলোড করার পর এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৩১ লক্ষ বার। কনটেন্ট এনগেজমেন্ট বিশ্লেষণে আরো দেখা যাচ্ছে, ভিডিওতে লাইক রিয়েক্ট পড়েছে ১ লক্ষ ৩৭ হাজারের অধিক। শেয়ার হয়েছে ২৩ হাজারের বেশিবার এবং ভিডিওতে মন্তব্য এসেছে প্রায় ৪ হাজার। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইপিএল ২০২৬ মৌসুমে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ায় সেনা কর্মকর্তার বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত হতে রিউমর স্ক্যানার ভিডিওটি ‘হাইভ মোডারেশন’ টুলের ‘Hive Detect AI’ মডেল দিয়ে পরীক্ষা করে। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা সিংহভাগ বলে জানানো হয়। 

Screenshot : Hive Detect AI

‘ডিপফেক-ও-মিটার’ টুলের ‘AVSRDD (2025)’ মডেলের বিশ্লেষণেও ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৪ শতাংশ বলে জানা যায়। 

তাছাড়া, ভিডিওটিতে বক্তব্যরত সেনা কর্মকর্তার পোশাকে তার নামের স্থলে অস্পষ্ট এবং অর্থপূর্ণ নয় এমন শব্দের ব্যবহারও লক্ষ্য করা যায়। 

Screenshot : Facebook 

উল্লেখ্য, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পাশাপাশি ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে আয়োজনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠানো হয়েছে।  

সুতরাং, এআই-তৈরি ভিডিওকে আইপিএল ২০২৬ মৌসুমে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ায় সেনা কর্মকর্তার বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img