কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ গত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে সেদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করে দলটির কর্মী-সমর্থকরা। এর প্রেক্ষিতে সেদিন মুখে বস্তা বেঁধে পিকআপের পেছনে বসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

আওয়ামী লীগের কর্মী-সমর্থক দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),
একই ভিডিওটি ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের দৃশ্য দাবিতেও ফেসবুকে প্রচার করা হয়। এমন দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,মুখে বস্তা বেঁধে স্লোগান দেওয়ার এই ভিডিওটি আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের কর্মী-সমর্থকদের নয়। প্রকৃতপক্ষে, এটি ইন্দোনেশিয়ার ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির পূর্ব জাভা রাজ্যের নাগাদিসারি গ্রামে আয়োজিত কার্নিভালে একদল যুবকের মুখে বস্তা বেঁধে যাওয়ার ভিডিও।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে edi_siswoko ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৯ আগস্ট প্রচারিত একটি ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটি পর্যালোচনা করে এতে আলোচিত ভিডিওর স্লোগানটি শুনতে পাওয়া যায়নি বরং, ভিন্ন আরেকটি শব্দ শুনতে পাওয়া যায়। পরবর্তীতে উক্ত অ্যাকাউন্টটি পর্যালোচনা করে সেদিনের বেশ কয়েকটি ভিডিও চ্যানেলটিতে পাওয়া যায়। যার বেশ কয়েকটিতে মুখে বস্তা পরিহিত ব্যক্তিদের দেখতে পাওয়া যায়। প্রাপ্ত ভিডিওগুলোর একটিতে মুখে বস্তা বাঁধা ব্যক্তিরা যে পিকআপে করে যাতায়াত করছেন সেটিও দেখতে পাওয়া যায়।

পিকআপটির সামনের লেখা থেকে জানা যায়, ভিডিওতে দেখতে পাওয়া যুবকরা ইন্দোনেশিয়ার ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির পূর্ব জাভা রাজ্যের নাগাদিসারি গ্রামে আয়োজিত কার্নিভালে অংশগ্রহণ করতে যাচ্ছেন। অ্যাকাউন্টটিতে তাদের অংশগ্রহণের জন্যে প্রস্তুতি নেওয়ার একটি ভিডিও পাওয়া যায়।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ইন্দোনেশিয়ার কার্নিভালের ভিডিওতে আওয়ামী লীগ সমর্থিত স্লোগান যুক্ত করে আলোচিত দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থকরা গত ১৩ নভেম্বর মুখে বস্তা বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Edi_siswoko Tiktok Post
- Rumor Scanner’s Analysis





