শনিবার, জানুয়ারি 17, 2026

মিরপুরে উচ্ছেদ অভিযানে হকারদের দোকানে আগুনের দাবিতে ছড়ালো ইন্দোনেশিয়ার ভিডিও

গত ৯ ডিসেম্বর মিরপুর-১ নম্বর গোলচত্বর ও বাগদাদ শপিং কমপ্লেক্সের আশপাশ এলাকায় অবৈধ স্থাপনাসহ বিভিন্ন দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এ প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, ঢাকার মিরপুরে হকারদের দোকান উচ্ছেদের সময় অভিযান পরিচালনাকারী প্রশাসন আগুন লাগিয়ে দিয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। প্রচারিত ভিডিওটি দুই হাজারের বেশি বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত অগ্নিকাণ্ডের ভিডিওটি মিরপুরে হকারদের দোকান উচ্ছেদের সময় ধারণ করা নয় এবং এর ঘটনাস্থল বাংলাদেশেও নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি গত ৯ ডিসেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সংঘটিত একটি অগ্নিকাণ্ডের ঘটনার। 

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪–এর অফিসিয়াল ফেসবুক পেজে ৯ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সঙ্গে প্রচারিত ভিডিওর সাদৃশ্য রয়েছে। প্রকাশিত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার দৃশ্য।

Comparison: Rumor Scanner 

এ বিষয়ে আরও অনুসন্ধানে, আর্জেন্টিনার সংবাদমাধ্যম  Clarín এর ওয়েবসাইটে 

‘Mortal incendio en Yakarta: personas atrapadas suben al techo para pedir ayuda’ শিরোনামে গত ৯ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে একই ভিডিও পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে জানানো হয়, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার একটি অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।

এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমে মিরপুরে হকারদের দোকান উচ্ছেদ অভিযানের সময় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। ৯ ডিসেম্বর প্রকাশিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, ওইদিন মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য কর্মকর্তারা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের ধাওয়া দেন। একপর্যায়ে তারা হামলা চালিয়ে ম্যাজিস্ট্রেটের গাড়ির গ্লাস ভেঙে দেন।

সুতরাং, মিরপুরে হকারদের দোকান উচ্ছেদ অভিযানে প্রশাসন দোকানগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img