শনিবার, জানুয়ারি 24, 2026

বাংলাদেশের নয়, ক্ষেতে কর্মরত কৃষককে নেতার কম্বল বিতরণের ভিডিওটি ভারতের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে নিবার্চনী এলাকাগুলোতে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার প্রচারণাও শুরু হয়ে গিয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি কথিত এক প্রার্থী ভোটের আশায় চলমান তীব্র শীতের মাঝে ধানক্ষেতে কর্মরত একজন কৃষকে কম্বল বিতরণ করছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শীতকালে ক্ষেতে কর্মরত কৃষককে কম্বল বিতরণের ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের উত্তর প্রদেশের একজন রাজনীতিবিদের ভিডিওকে বাংলাদেশের কথিত প্রার্থীর নির্বাচনী প্রচারণার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে। 

আলোচিত ভিডিওটির অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Maa Usha Jan Sewa নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২০ ডিসেম্বর একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনাম ভাষান্তরের মাধ্যমে জানা যায়, ভিডিওটিতে দেখতে পাওয়া ব্যক্তির নাম অজয় জয়সওয়াল। তিনি একজন সমাজকর্মী। 

Video Comparison by Rumor Scanner

পরবর্তীতে উক্ত নামের সূত্র ধরে অনুসন্ধানে অজয় জয়সওয়াল নামের ওই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। তার প্রোফাইলের ইন্ট্রো সেকশন থেকে জানা যায়, তিনি ভারতের উত্তর প্রদেশের মাউ জেলার জেলা পঞ্চায়েতের একজন সদস্য এবং ইটাউরা চৌবেপুর অর্থাৎ মাউ গ্রামের প্রধান। 

তার প্রোফাইল পর্যালোচনার মাধ্যমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের একাধিক ভিডিও পাওয়া যায়। পাশাপাশি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিরও সন্ধান পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত কম্বল বিতরণের ভিডিওটি বাংলাদেশের নয়।

সুতরাং, ভারতের উত্তর প্রদেশের রাজনীতিবিদের ভিডিওকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানক্ষেতে কর্মরত কৃষককে কথিত প্রার্থীর কম্বল বিতরণের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img