বুধবার, জানুয়ারি 14, 2026

ভারতে প্রতিমা বিসর্জনের ভিডিওকে ‘অবৈধ বাংলাদেশি’ অভিবাসীদের ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দৃশ্য দাবিতে প্রচার

ভারতের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দেশটির ১২টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে গত ২৮ অক্টোবর থেকে শুরু হয় ভোটার তালিকায় ‘নিবিড় সংশোধনের’ প্রক্রিয়া, যা এসআইআর বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন নামে অধিক পরিচিত। এরই অংশ হিসেবে গত ০৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গেও শুরু হয় ভোটার তালিকায় নিবিড় সংশোধন কর্মসূচি। জানা যায়, এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথি না দেখাতে পারলে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় নেতারা দাবি করে আসছেন, পশ্চিমবঙ্গের মতো কিছু রাজ্যে বহু কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন। ‘নিবিড় সংশোধন’ হলেই বাদ পড়বে ‘অবৈধ বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গারা’। এর প্রেক্ষিতে গত নভেম্বর মাসে ‘Rush of Bangladeshis going back to Bangladesh after SIR ordered in West Bengal.’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ 

ভিডিওতে বহু মানুষকে কাঁটাতারের বেড়া ও কালো গেট পার হতে দেখা যায়।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি এসআইআর কর্মসূচির কারণে ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশীদের’ ভারত-বাংলাদেশ সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশের ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কালী প্রতিমা বিসর্জনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে Neha Mondal নামক ভারতের নদীয়ায় বসবাসকারী এক নারীর ফেসবুক প্রোফাইলে গত ৩০ অক্টোবর প্রকাশিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

 Comparison: Rumor Scanner 

উক্ত ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয় ‘ফুনকোতলার শ্যামা মায়ের বিদায় বেলায়’, যা থেকে ধারণা করা হচ্ছে এটি ফুনকোতলা নামক স্থানে আয়োজিত কালী প্রতিমা বিসর্জনের দৃশ্য। 

উক্ত তথ্যের সূত্র ধরে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় মুরুতিয়া থানার শিকারপুরের ফুনকালতা নামক একটি গ্রাম রয়েছে, সেখানকার শ্রী শ্রী শ্যামা মা মন্দিরে প্রতিবছর কালী পূজা আয়োজিত হয়। 

পরবর্তীতে, Jayanta Ghosh নামক ভারতের পশ্চিমবঙ্গের শিকারপুরে বসবাসকারী ব্যক্তির প্রোফাইলে গত ৩০ অক্টোবর ‘শ্যামা মা ফুনকাতলা’ ক্যাপশনে প্রচারিত ভিডিওতেও আলোচিত ভিডিওর সাথে সাদৃশ্যপূর্ণ দৃশ্য দেখা যায়। 

এছাড়া, এ বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে গত ২৫ নভেম্বর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: X (Twitter)

উক্ত পোস্টে আলোচিত ভিডিওটির একটি স্ক্রিনশট যুক্ত করে বলা হয়, এটি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুরুতিয়া থানার ফুনকালতা গ্রামে মাথাভাঙা নদীতে কালী প্রতিমা বিসর্জনের দৃশ্য। এই ভিডিওর সাথে এসআইআর কর্মসূচির কারণে ভারতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্ত অতিক্রমের মতো কোনো ঘটনার সম্পর্ক নেই। 

সুতরাং, এসআইআর প্রক্রিয়ার কারণে ভারতের অভিবাসী বাংলাদেশিদের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের দৃশ্য দাবিতে ভারতের পশ্চিমবঙ্গে কালী প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img