গত ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এরই প্রেক্ষিতে, ‘ওসমান হাদিকে গুলি করেছে শিবিরের নেতা সাদিক কায়ুম সেনাবাহিনীর হাতে হাতে গ্রেপ্তার হাসনাত আব্দুল্লা ১৮/১২/২০২৫’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৭ লাখ ৯৪ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম গুলি করেননি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহও সেনাবাহিনীর হাতে গ্রেফতার হননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই অপ্রাসঙ্গিক ফুটেজ যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে কিছু স্থিরচিত্র এবং খণ্ড খণ্ড ভিডিও ফুটেজ দেখা গেলেও, উক্ত ছবি ও ফুটেজের সঙ্গে প্রচারিত দাবির কোনো ধরনের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি।
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সাদিক কায়েমের সম্পৃক্ততার কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে জানা যায়নি। ৬ জানুয়ারি হাদি হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়েছে। ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ‘তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেয়া হয়েছে। চার্জশিট দেয়া ১৭ জনের মধ্যে ১২ জন গ্রেফতার এবং ৫ জন পলাতক রয়েছেন।’
এছাড়া, হাসনাত আবদুল্লাহর মতো ব্যক্তি গ্রেফতার হলে সেবিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। তবে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে এমন কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি। গত ৬ জানুয়ারি ‘আগ্রাসনবিরোধী পদযাত্রা’র অংশ হিসেবে কুমিল্লার দেবীদ্বারের ভিরাল্লা এলাকায় হাসনাত আবদুল্লাহ উঠান বৈঠক করেন।
সুতরাং, সাদিক কায়েম ওসমান হাদিকে গুলি করেছে ও হাসনাত আবদুল্লাহকে সেনাবাহিনী গ্রেফতার করেছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo – ভোটারদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ এক দিনের ক্ষমতার যথাযথ ব্যবহার করতে হবে
- ATN Bangla News – কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী আলোচনায় ঝড় তুলেছেন হাসনাত আবদুল্লাহ
- Ittefaq – হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট
- Jugantor –হাদি হত্যার চার্জশিট : ১৭ জন আসামি হত্যার পরিকল্পনা সিঙ্গাপুর





