শনিবার, জানুয়ারি 17, 2026

হাসনাত আবদুল্লাহর আওয়ামী লীগে যোগদানের ভুয়া দাবি প্রচার

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগে যোগদান করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও প্রচার করা হয়। প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ একটি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বাকিরা শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছেন। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হাসনাত আবদুল্লাহর আওয়ামী লীগে যোগদান করা এবং শেখ হাসিনার নামে স্লোগানের মুহুর্তে তার উচ্ছ্বাস প্রকাশের দাবিটি ভুয়া। প্রকৃতপক্ষে, আলোচিত ভিডিওটি জুলাই শহীদদের স্মরণে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালের অনুষ্ঠানের। সেসময় শেখ হাসিনার নামে নয় বরং, এনসিপির প্রতীক শাপলা কলির স্লোগান দেওয়া হচ্ছিল। 

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে হুবহু একই ভিডিও পাওয়া না গেলেও ভিন্ন কোণ থেকে ধারণ করা একই সময়ের আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটি যে মুহুর্তে ধারণ করা হয়েছে সেসময় শেখ হাসিনার নামে নয়, বরং এনসিপির প্রতীক শাপলা কলি স্লোগান হচ্ছি। এছাড়াও একই সাথে লাউড স্পিকারে মিউজিক বাজানো হচ্ছিল। 

অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ‘বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হোন্ডা কাপ ফুটবল’ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের অনুষ্ঠানের। হাসনাত আবদুল্লাহ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অপস্থিত ছিলেন বলেও জানা যায়। 

পরবর্তীতে অনুসন্ধানে একই অনুষ্ঠানের একাধিক ভিডিওর সন্ধান পাওয়া যায়। কিন্তু কোনো ভিডিওতেই কাউকে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শোনা যায়নি। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তাতে শেখ হাসিনা স্লোগান যুক্ত করা হয়েছে। 

পাশাপাশি, হাসনাত আবদুল্লাহর আওয়ামী লীগে যোগদানের বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা মেলেনি। 

সুতরাং, হাসনাত আবদুল্লাহর আওয়ামী লীগে যোগদান ও শেখ হাসিনা স্লোগানে তার উচ্ছ্বাস প্রকাশের দাবি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img