ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের একটি ফেসবুক পোস্ট দাবিতে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্ক্রিনশটটির দাবিতে বলা হয়, হামিম তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে লিখেছেন “একজন আসছিলো এমপি হতে, তারা জায়গা মতোই পাঠানো হইছে। এখন মির্জা আব্বাসকে ঠেকায় কে?”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদি ও মির্জা আব্বাসকে জড়িয়ে ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম এমন কোনো ফেসবুক পোস্ট করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে থাকা একটি পোস্টের লেখা বিকৃত করে আলোচিত ওই পোস্টের স্ক্রিনশট তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে হামিমের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, ওসমান হাদির ওপর হামলার পর এ ধরনের কোনো পোস্ট সেখানে নেই। স্ক্রিনশটের কথিত পোস্টটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে ফেসবুকের খয়েরি রঙের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে। একই দিনে, অর্থাৎ ১২ ডিসেম্বর, হামিম একই রঙের ব্যাকগ্রাউন্ডে একটি পোস্ট করেছিলেন। তবে সেখানে আলোচিত বক্তব্য নয়; বরং লেখা ছিল “আমার প্রিয় মানুষ ওসমান হাদী গুলিবিদ্ধ। তাকে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থতা দান করেন। আমিন…”

এছাড়া, আলোচিত স্ক্রিনশটে কথিত পোস্টের আগে “জনগণের সরকার প্রতিষ্ঠা লাভের পর গণতান্ত্রিক সরকার…” লেখা একটি স্টোরি দেখা যায়। হামিমের ফেসবুক প্রোফাইল পর্যালোচনার সময় রিউমর স্ক্যানার টিম লক্ষ্য করেছে, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর দোয়া চেয়ে করা প্রকৃত পোস্টটির আগেও একই স্টোরি সেখানে বিদ্যমান ছিল।
আরও লক্ষণীয় যে, আলোচিত স্ক্রিনশটে খয়েরি ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা রঙের লেখার ঘনত্ব ও গ্লো ফেসবুকের স্বাভাবিক ফন্ট স্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তাছাড়া, যদি হামিম সত্যিই এমন কোনো পোস্ট করে পরে তা মুছে ফেলতেন, তাহলে ভিন্ন সময় ও ভিন্ন প্রতিক্রিয়াসহ একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু এ ক্ষেত্রে কেবল একটি স্ক্রিনশটই পাওয়া গেছে।
অর্থাৎ, ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমের একটি ভিন্ন পোস্টের স্ক্রিনশট সম্পাদনা করেই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
সুতরাং, ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের নামে প্রচারিত ফেসবুক পোস্টের স্ক্রিনশটটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- শেখ তানভীর বারী হামিম: Facebook post





