গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমের ছবি যুক্ত করে ‘হাদি নিজের মাথায় নিজে গু’লি করে সবাইকে ফাঁ’সাচ্ছে: সাদিক কায়েম’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয়ে সাদিক কায়েম এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া মন্তব্যকে আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Gorom TV’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘Gorom TV’ নামক ফেসবুক পেজে গত ০৪ ডিসেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

‘Gorom TV’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি ব্যঙ্গ ও বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।
সাদিক কায়েম এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে একাধিক গণমাধ্যম (১, ২) সূত্রে জানা যায়, এটি গত ০৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন সাংবাদিকদের সাথে সাদিক কায়েমের কথা বলার দৃশ্য।
অর্থাৎ, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির সাথে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার কোনো সম্পর্ক নেই।
সুতরাং, সাদিক কায়েম ‘হাদি নিজের মাথায় নিজে গুলি করে সবাইকে ফাঁসাচ্ছে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gorom TV – Facebook Post
- Md Abu Shadik – Facebook Profile
- Rtv – ভোট দিয়ে যে বার্তা দিলেন সাদিক কায়েম
- The Daily Star – ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাদিক কায়েমের





