গত ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর গত ১৯ ডিসেম্বর থেকে ‘হাদির মৃ’ত্যুতে পাকি’স্তানে একদিনের রাষ্ট্রীয় শোক ঘো’ষণা’ শিরোনামে শরিফ ওসমান হাদির ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১ লক্ষ ৭৪ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ১৩ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ২ শত বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শরিফ ওসমান হাদির মৃত্যুতে পাকিস্তানে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়নি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Gorom TV’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘Gorom TV’ নামক ফেসবুক পেজে গত ০৪ ডিসেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

‘Gorom TV’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি ব্যঙ্গ ও বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শরিফ ওসমান হাদির মৃত্যুতে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে পাকিস্তানে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলে এ বিষয়টি জাতীয়-আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবিতে প্রকাশিত কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন গত ১৯ ডিসেম্বর একটি ফেসবুক পোস্টে শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তবে, উক্ত পোস্টটি আলোচিত দাবিটির সূত্রপাতের পরে প্রকাশিত হয়েছে।
সুতরাং, ‘হাদির মৃ’ত্যুতে পাকি’স্তানে একদিনের রাষ্ট্রীয় শোক ঘো’ষণা’ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gorom TV – Facebook Post
- Prothom Alo – ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক
- Pakistan High Commission Bangladesh – Facebook Post





