সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার “আগামী নির্বাচনে হিন্দুরা জামাতকে ভোট না দিলে এদেশে থাকতে দেয়া হবেনা” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে।
একই দাবির টিকটক ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এমন কোনো মন্তব্য করেননি এবং উক্ত শিরোনামে বার্তা বাজারও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, মিয়া গোলাম পরওয়ারকে নিয়ে প্রকাশিত বার্তা বাজারের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজার এর লোগো এবং এটি প্রকাশের তারিখ ২০ অক্টোবর ২০২৫ উল্লেখ রয়েছে।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে বার্তা বাজারের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, গণমাধ্যমটির ফেসবুক পেজে ২০ অক্টোবর “হিন্দু মানেই নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা: গোলাম পরোয়ার” শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘আগামী নির্বাচনে হিন্দুরা জামাতকে ভোট না দিলে এদেশে থাকতে দেয়া হবেনা গোলাম পরওয়ার’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘হিন্দু মানেই নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা: গোলাম পরোয়ার’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বার্তা বাজারের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ‘একটি ভুল ধারণা আছে হিন্দু মানেই আওয়ামী লীগ ও নৌকা। এবার হিন্দুরা দেখিয়ে দেবে, হিন্দু মানেই নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা। তালা ও কলারোয়ার হিন্দুরা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে তারা অতীতের শাসন থেকে নিরাপদে থাকবেন, ইনশাআল্লাহ।’ ২০ অক্টোবর সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ‘আগামী নির্বাচনে হিন্দুরা জামাতকে ভোট না দিলে এদেশে থাকতে দেয়া হবেনা’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বার্তা বাজারের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Barta Bazar : Facebook Post





