শনিবার, জানুয়ারি 17, 2026

মুক্তিযুদ্ধকে জড়িয়ে ফাতিমা তাসনিম জুমার নামে ভুয়া মন্তব্য প্রচার

ইনকিলাব মঞ্চ ঢাবি শাখার সদস্য সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার একটি ফেসবুক পোস্টের ভিত্তিতে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করেছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি ‘পাকিস্তানের সাথে মুক্তিযু’দ্ধ হয়নি হয়েছিল ব্রিটিশদের সাথে’ শিরোনামে ফাতিমা তাসনিম জুমার ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ে ফাতিমা তাসনিম জুমা এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া মন্তব্যকে আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Gorom TV’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘Gorom TV’ নামক ফেসবুক পেজে গত ০৪ ডিসেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook 

‘Gorom TV’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি ব্যঙ্গ ও বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।

ফাতিমা তাসনিম জুমা এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে, ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ বিষয়ে আলোচিত মন্তব্যটি করেছেন কিনা তা জানতে তার সাথে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং, মুক্তিযুদ্ধ বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img