খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমাকে নিয়ে অনলাইনে বেশ আলোচনা দেখা যাচ্ছে। এসব আলোচনায় এই ছবিটিও ব্যবহার হচ্ছে, যাতে দেখা যাচ্ছে, তারেক রহমানের পরিবারের সাথে এক টেবিলে বসে খাবার খাচ্ছেন ফাতেমা।

উক্ত ছবি সম্বলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।
টিকটকে এ সংক্রান্ত একটি পোস্টই দেখা হয়েছে দেড় লক্ষাধিক বার।
একই দাবিতে গণমাধ্যমের ভিডিও দেখুন স্টার নিউজ (ফেসবুক, ইউটিউব)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানের পরিবারের সাথে এক টেবিলে ফাতেমার খাবার খাওয়ার এই ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই দিয়ে তৈরি এই ভুয়া ছবিটি ’12মায়া বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ০২ জানুয়ারি দুপুরে প্রথম প্রকাশ করা হয়। মূল ছবিটির এক কোণে এআই দিয়ে তৈরি লেখা থাকলেও এই লেখা কেটে এমনকি লেখা থাকার পরও তা বাস্তব দাবিতেই প্রচার করছেন অনেকে।
দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে ০২ জানুয়ারি দুপুরে ’12মায়া বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত এ সংক্রান্ত প্রথম পোস্টটি নজরে আসে রিউমর স্ক্যানারের। ছবিটির এক কোণে এটি ‘এআই দিয়ে তৈরি’ বলে উল্লেখ করা হয়েছে।

ছবিটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির কমপক্ষে ৮৪ শতাংশ থেকে সর্বোচ্চ ৯৮ শতাংশ পর্যন্ত সম্ভাবনা আছে বলে জানা গেছে।
ছবিতে এআই সংক্রান্ত তথ্যের অংশটি কেটে, এমনকি লেখা থাকার পরও তা বাস্তব দাবিতেই প্রচার করছেন অনেকে। দায়িত্বশীল অনেক ব্যক্তিকেও ছবিটি ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে। ছবিটি ভাইরাল হওয়ার পর ’12মায়া বিনোদন’ নামের পেজটি থেকে একইদিন তাদের একই পোশাকের আরো দুইটি এআই ছবি প্রকাশ করা হয়। দেখুন এখানে, এখানে।
সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে তারেক রহমানের পরিবারের সাথে এক টেবিলে ফাতেমার খাবার খাওয়ার বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- AI Analysis
- Rumor Scanner’s own Investigation





