সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র নেত্রী ফারজানা রুমার বিকিনি পরিহিত ছবি দাবিতে দুইটি ছবিসহ মোট তিনটি ছবি প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনসিপি নারী নেত্রী ফারজানা রুমার বিকিনি পরিহিত ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে ছবিগুলো তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ফারজানা রুমার প্রথম ছবিটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কালবেলা’র ফেসবুক পেজে ‘ছাত্রলীগের কাজ জ্বালাও-পোড়াও ভালো কাজে নেই’ শিরোনামে গত ১৩ নভেম্বরে প্রচারিত ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওতে গত ১৩ নভেম্বর আ.লীগের কথিত লকডাউন উপলক্ষ্যে ফারজানাকে বলতে শোনা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উদ্দেশ্য মানুষদের বিভ্রান্ত করা ও ক্ষতিকারক কাজ করা। ফারজানা আরো বলেন, নানা সংগঠন ও জনতার সাথে মিলে ছাত্রলীগের এরূপ কার্যক্রম প্রতিহত করার চেষ্টা করছেন তারা।
প্রচারিত প্রথম ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় উক্ত ভিডিও থেকে ফারজানা রুমার প্রথম ছবিটি নেওয়া হয়েছে।

পরবর্তীতে ফারজানা রুমার বিকিনি পরিহিত ছবি দাবিতে প্রচারিত দ্বিতীয় ও তৃতীয় ছবি পর্যবেক্ষণ করলে দ্বিতীয় ছবিতে কালবেলা’র জলছাপের অনুরূপ জলছাপ দেখা যায়। কিন্তু কালবেলার ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে আলোচিত ছবির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়াও, ফারজানা রুমার বিকিনি পরিহিত ছবি দাবিতে প্রচারিত দ্বিতীয় ও তৃতীয় ছবি পর্যবেক্ষণে ত্বকের গঠন, দাঁড়ানোর প্রকৃতিসহ সামগ্রিক অবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।
অনুসন্ধানে প্রচারিত ছবিগুলো এনসিপি নারী নেত্রী ফারজানা রুমার বিকিনি পরিহিত ছবি হওয়ার দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তীতে, এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এ আলোচিত ছবিগুলো বিশ্লেষণ করলে এগুলো এআই দিয়ে তৈরি কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৯৯.৮ শতাংশ বলে জানা যায়।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, এনসিপি নারী নেত্রী ফারজানা রুমার বিকিনি পরিহিত ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।
সুতরাং, এআই দিয়ে তৈরি ছবি এনসিপি নারী নেত্রী ফারজানা রুমার বিকিনি পরিহিত ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Kalbela – Facebook Post
- Hive Moderation – Ai Generated Content Detection
- Rumor Scanner’s analysis





