শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ বাতিলের জন্যে জাতিসংঘের দ্বিতীয় চিঠির দাবিটি ভুয়া

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ১৭ নভেম্বর মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করার জন্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে একটি নির্দেশনামূলক চিঠি দিয়েছিলেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছিল। সম্প্রতি, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের জন্যে জাতিসংঘ থেকে দ্বিতীয় বারের মত আরেকটি চিঠি দেওয়া হয়েছে দাবিতে টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে দাবি করা হয়, উক্ত চিঠির প্রক্ষিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করা হয়েছে। 

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের জন্যে জাতিসংঘ থেকে দ্বিতীয়বারের মত চিঠি দেওয়ার দাবিটি সঠিক নয়। এছাড়াও কথিত এই চিঠির প্রেক্ষিতে শেখ হাসিনার মৃত্যুর রায় বাতিলের দাবিটিও ভুয়া। প্রকৃতপক্ষে, সম্পর্ণূ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় দেখা যায়, ভিডিওটি প্রচারকারী ‘জাতিসংঘের দ্বিতীয় চিঠি মৃত্যুদণ্ডের রায় বাতিল’ শীর্ষক একটি থাম্বনেইলের প্রেক্ষিতে আলোচিত দাবিগুলো করেন। ভিডিওতে তাকে উক্ত থাম্বনেইলটিও ব্যবহার করতে দেখা যায়। 

Screenshot: Tiktok

পরবর্তীতে অনুসন্ধানে আলোচিত ওই থাম্বনেইল সম্বলিত ইউটিউব ভিডিওটি খুঁজে পাওয়া যায়। তবে ভিডিওটিতে থাম্বনেইলে ব্যবহৃত শিরোনামের সপক্ষে কোনো তথ্য উপস্থাপন কিংবা দাবিটি করতেও শোনা যায়। উক্ত ভিডিওর থাম্বনেইল থেকেই আলোচিত দাবিটির সূত্রপাত হয় বলে ধারণা করা যায়।

এছাড়াও অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ বাতিলের জন্যে জাতিসংঘ থেকে কোনো চিঠি পাঠানোর তথ্য পাওয়া যায়নি। তবে এ রায়ের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সংস্থার অবস্থান পুনর্ব্যক্ত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানা যায়। 

উল্লেখ্য, পূর্বেও যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করার জন্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে একটি নির্দেশনামূলক চিঠি দিয়েছেন দাবিতে তথ্য প্রচারিত হয় তখন দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

সুতরাং, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের জন্যে জাতিসংঘের দেওয়ার দ্বিতীয় চিঠির প্রেক্ষিতে তার মৃত্যুদণ্ডাদেশ বাতিল করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img