সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)-এর বক্তব্য ও ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। যেখানে দাবি করা হয় যে তিনি বলেছেন, যে জামায়াত শিবির আমার হাদির উপর হামলা করেছে আজ থেকে আমি তাদের সাথে নেই।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। প্রচারিত পোস্টে দুই হাজারের অধিক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) হাদিকে হামলার ঘটনায় জামায়াত-শিবিরকে দোষী বানিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া বক্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, শেহরীন আমিন ভূঁইয়ার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে এমন কোনো মন্তব্য করার নজির পাওয়া যায়নি৷
এছাড়া, তার সাম্প্রতিক কোনো সাক্ষাৎকার বা মূলধারার কোনো গণমাধ্যমের সংবাদেও এমন মন্তব্য করার প্রমাণ মেলেনি।
শেহরীন আমিন ভূঁইয়া রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন এমন কোনো মন্তব্য তিনি করেননি। বক্তব্যটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা।
সুতরাং, ঢাবি শিক্ষক মোনামী ‘যে জামায়াত শিবির আমার হাদির উপর হামলা করেছে আজ থেকে আমি তাদের সাথে নেই’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Statement from Shehreen Amin Bhuiyan
- Shehreen Amin Bhuiyan – Facebook Profile





