সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু ভিপি সাদিক কায়েমের ছবিযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হয়। যেখানে দাবি করা হয় যে তিনি বলেছেন- ‘গোলাম আজমকে জাতির পিতা মেনে পাকিস্তানকে বুকে ধারণ করে। ৭১ বস্তা পচা স্বাধীনতা মনে করে বাংলাদেশে বসবাস করতে হবে। যদি তা না পারেন তাহলে ভারতে চলে যান।’ এরূপ দাবি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এরা ক্ষমতাই আসলে বাংলাদেশের নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখবে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গোলাম আজমকে জড়িয়ে সাদিক কায়েম এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই সাদিক কায়েমের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে সাদিক কায়েম এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
পরবর্তীতে সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত মন্তব্য সমর্থিত কোনো ফেসবুক পোস্ট পাওয়া যায়নি। বরং বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তাকে পোস্ট করতে দেখা যায়।
এছাড়াও, অনুসন্ধানে জানা যায় গত ১৪ ডিসেম্বর রাজধানীর রায়েরবাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসুর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাদিক কায়েম বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিজীবীদের শহীদ করে এই আজাদিকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এই আজাদি থামেনি। আমরা আমাদের নতুন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন ভূখণ্ড পেয়েছি।’ এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাকসু ভিপি আরো বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে সব সময় আপসহীন। ‘দেশের মুক্তিযোদ্ধা ও শহীদেরা জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছে, আর চব্বিশের মাধ্যমে দিল্লির আজাদি থেকে মুক্তি পেয়েছে।’ এছাড়াও, বক্তব্যে সাদিক কায়েম রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করার ওপর জোর দেন যা আলোচিত দাবির সাথে সাংঘর্ষিক।
সুতরাং, সাদিক কায়েম ‘গোলাম আজমকে জাতির পিতা মেনে পাকিস্তানকে বুকে ধারণ করে ৭১ বস্তা পচা স্বাধীনতা মনে করে বাংলাদেশে বসবাস করতে হবে, যদি তা না পারেন তাহলে ভারতে চলে যান’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Md Abu Shadik – Facebook Account
- Prothom Alo – গত ১৬ বছরে কিছু ‘বুদ্ধিজীবী’ ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন: ডাকসু ভিপি





