ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন তিনি। এরই প্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ছবি সংযুক্ত করে ‘হাদি ভাইয়ের কিছু হলে শিবির নেতা সাদিক কায়েমের সাউয়া/মাউয়া ছিঁড়ে ফেলা হবে | হাসনাত আবদুল্লাহ’ শীর্ষক শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, দাবি প্রচার করা হয়েছে, হাসনাত আবদুল্লাহ ডাকসু ভিপি সাদিক কায়েমকে হুমকি দিয়ে বলেছেন, ‘হাদি ভাইয়ের কিছু হলে শিবির নেতা সাদিক কায়েমের সাউয়া/মাউয়া ছিঁড়ে ফেলা হবে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘হাদি ভাইয়ের কিছু হলে শিবির নেতা সাদিক কায়েমের সাউয়া/মাউয়া ছিঁড়ে ফেলা হবে’ শীর্ষক মন্তব্য করেননি হাসনাত আবদুল্লাহ এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ১৫ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট, ফন্টের গাঢ়ত্ব, লাইন স্পেসে পার্থক্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও হাসনাত আবদুল্লাহর উক্ত মন্তব্য সম্বলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
ওসমান হাদির ওপর হামলার বিষয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘মানবজমিন’ এর ওয়েবসাইটে গত ১৪ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ওসমান হাদিকে গুলির প্রতিবাদে গত ১৩ ডিসেম্বরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের ‘বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ’ শীর্ষক সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘..হাদি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চেয়েছে। রাজনৈতিক দলগুলো যারা আছেন, আপনারা ছোট ছোট ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ছোট ছোট বিষয় নিয়ে বাহাস না করে এই জুলাই প্রজন্মের দিকে তাকিয়ে, ওসমান হাদির দিকে তাকিয়ে বাংলাদেশকে ধারণ করেন। আওয়ামী লীগ ও ইন্ডিয়ার প্রশ্নে আমাদেরকে একটা সেটেলমেন্টে আসতে হবে।..’
এছাড়া, গত ১৫ ডিসেম্বরে অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্ট’ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে ভারতের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও শকুনদের হাত থেকে মুক্তির জন্য আন্দোলন করতে হচ্ছে। আবারও শকুনেরা বাংলাদেশের মানচিত্রে থাবা বসানোর চেষ্টা করছে। বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেব। বাংলাদেশকে ভারত একটি ফিলিস্তিন রাষ্ট্র বানাতে চায়।
তবে কোথাও হাসনাত আবদুল্লাহকে ওসমান হাদিকে হামলার ঘটনায় ডাকসু ভিপি সাদিক কায়েমকে হুমকি দিয়ে আলোচিত মন্তব্য করতে দেখা যায়নি।
সুতরাং, হাসনাত আবদুল্লাহ “হাদি ভাইয়ের কিছু হলে শিবির নেতা সাদিক কায়েমের সাউয়া/মাউয়া ছিঁড়ে ফেলা হবে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- Manabzamin – আমরা আজাদির সংগ্রাম চালিয়ে যাবো
- Dhaka Post -;ভারত বাংলাদেশকে ফিলিস্তিন রাষ্ট্র বানাতে চায় : হাসনাত





