আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে সম্প্রতি, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘সেনাবাহিনী আওয়ামী লীগের মিছিলে বাধা দিবে না এবং মিছিল করলে গ্রেফতারও করবে না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
থ্রেডে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিতে সেনাবাহিনী কোনো বাধা দিবে বা গ্রেফতার করবে না শীর্ষক কোনো মন্তব্য করেননি সেনাপ্রধান। প্রকৃতপক্ষে, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে তার নাম ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে এ দাবি সংবলিত পোস্টগুলো পর্যালোচনা করে কোনো সামাজিক মাধ্যমের পোস্টেই উক্ত তথ্যের কোনো সূত্র উল্লেখ পাওয়া যায়নি। এমনকি কোনো সংবাদের লিংকও পোস্টগুলোতে দেখা যায়নি।
পরবর্তীতে বিষয়টির সত্যতা যাচাইয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের ফেসবুক পেজ পর্যালোচনা করেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও কোনো গণমাধ্যমেও সেনাপ্রধানের এমন বক্তব্য প্রদানের তথ্য প্রচারিত হতে দেখা যায়নি। বরং, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে পরবর্তীতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সাথে যোগাযোগ করা হলে আইএসপিআরের পক্ষ থেকে রিউমর স্ক্যানারকে জানানো হয়, সেনাপ্রধান এমন কোনো বক্তব্য বা ঘোষণা দেননি।
সুতরাং, সেনাপ্রধান আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ‘সেনাবাহিনী আওয়ামী লীগের মিছিলে বাধা দিবে না এবং মিছিল করলে গ্রেফতারও করবে না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Statement of ISPR





