সম্প্রতি, ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সবশেষ প্রাপ্ত তথ্যমতে, আগামী ০৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির পোস্টে ‘DAILYNEWSD2.BLOGSPOT.COM’ নামক একটি পোর্টালে প্রকাশিত কথিত সংবাদ প্রতিবেদন লিংক সূত্র হিসেবে যুক্ত করা হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘DAILYNEWSD2.BLOGSPOT.COM’ নামক ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। এই সাইটে ‘প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত ও নতুন তারিখ ঘোষণা দেখুন’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং এর প্রকাশকাল হিসেবে ০৪ জানুয়ারি, ২০২৬ তারিখের উল্লেখ পাওয়া যায়।
কথিত এই সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়, “প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সাম্প্রতিক সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীদের বসিয়ে রেখে হঠাৎ পরীক্ষা স্থগিত করার ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েছে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছে। পরীক্ষার্থীরা জানান, নির্ধারিত সময় অনুযায়ী তারা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হন। অনেকেই ভোর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কেন্দ্রে পৌঁছান। কিন্তু পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বা পরীক্ষার্থী বসানো সম্পন্ন হওয়ার পর হঠাৎ করে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন পরীক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী বলছেন, এটি ইতিহাসে বিরল এবং চরম দায়িত্বজ্ঞানহীন একটি ঘটনা। একটি জাতীয় পর্যায়ের নিয়োগ পরীক্ষায় এমন সিদ্ধান্ত গ্রহণ অগ্রহণযোগ্য।”
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ স্থগিত হওয়ার দাবি করা হলেও ব্লগস্পটের কথিত প্রতিবেদনে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীদের বসিয়ে রেখে হঠাৎ পরীক্ষা স্থগিত করা হয়েছে শীর্ষক দাবি করা হয়েছে; আদোতে যা অপ্রাসঙ্গিক। কারণ, গত ০২ জানুয়ারিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গত ৩১ ডিসেম্বর, ২০২৫ এবং ১ ও ২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। যার ফলে গত ০২ জানুয়ারি শোকের শেষ দিন হওয়ায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি।
পরবর্তীতে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আলোচিত বিষয়ে সবশেষ গত ০৪ জানুয়ারিতে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। যেখানে জানানো হয়, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর গত ০২ জানুয়ারি ২০২৬ তারিখের স্থগিতকৃত লিখিত পরীক্ষা আগামী ০৯ জানুয়ারি ২০২৬ তারিখে (শুক্রবার) বেলা ৩:০০ ঘটিকা হতে বেলা ৪:৩০ ঘটিকা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।”
আলোচিত এই পরীক্ষার দিন ও সময় পরিবর্তনের এই ঘোষণার বিষয়ে দেশিয় মূলধারার একাধিক (১, ২, ৩) সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।
সুতরাং, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি সকালে নয়, হবে বিকেলে
- Prothom Alo: সহকারী শিক্ষক নিয়োগে স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর: বিজ্ঞপ্তি
- Kaler Kantho: এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন
- NTv: প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন
- Rumor Scanner’s Analysis





