বুধবার, জানুয়ারি 14, 2026

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির অস্ত্র মামলার আইনজীবি শিশির মনির নন

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। সন্দেহভাজন এই ব্যক্তিকে ঢাকার আদাবরের একটি অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় আদাবর থানার একটি মামলায় গত বছরের ৭ নভেম্বর গ্রেপ্তার করেছিল র‍্যাব। ওই মামলায় গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম। জামিনের সময়সীমা বাড়াতে গত ১২ আগস্ট আবারও আবেদন করলে হাইকোর্ট নতুন করে তাঁর এক বছরের জামিন মঞ্জুর করেন। এরই প্রেক্ষিতে “শরিফ ওসমান হাদীর উপর গুলি করা ছাত্রলীগ নেতার আইনজীবী ছিলেন জামায়াতের এমপি প্রার্থী এডভোকেট শিশির মনির” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন  ফয়সাল করিম মাসুদের অস্ত্র মামলার আইনজীবী শিশির মনির ছিলেন না। প্রকৃতপক্ষে, অস্ত্র মামলায় ফয়সালের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান। 

এ বিষয়ে অনুসন্ধানে, মূলধারার সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, ‘DU Insiders’  নামক একটি ফেসবুক পেজে গতকাল ১৩ ডিসেম্বর, “শরিফ ওসমান হাদীর উপর গুলি করা ছাত্রলীগ নেতার আইনজীবী ছিলেন বিএনপির আইন সম্পাদক এডভোকেট কায়সার কামাল” শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডের শিরোনাম, মাঝের ছবি এবং ফন্ট সাইজের পার্থক্য রয়েছে। 

Comparison : Rumor Scanner 

‘DU Insiders’ এর ফটোকার্ডে শরিফ ওসমান হাদীর উপর গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিমের আইনজীবী হিসেবে বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট কায়সার কামালের নাম ও ছবি থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে এর স্থলে সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের নাম ও ছবি যুক্ত করা হয়েছে। 

উভয় ফটোকার্ডেে তথ্যসূত্র হিসেবে ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যমএর নাম রয়েছে। 

উক্ত সূত্র ধরে  অনুসন্ধানে গতকাল ১৩ ডিসেম্বর দুপুরে তাদের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে থাকা আদেশের কপির তথ্য অনুযায়ী দ্য ডিসেন্ট দাবি করেছে, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারী সন্দেহভাজন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন। সেসময়ে ফয়সাল করিম মাসুদের পক্ষের আইনজীবী হিসেবে কায়সার কামাল ও  মাহফুজুর রহমান জামিন আবেদন করেন এবং সেই আবেদনের পর অল্প সময়ের মধ্যেই তাকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয় ও দ্রুত এ আদেশ প্রকাশ করা হয়। 

অর্থাৎ, ডিসেন্টও ফয়সালের আইনজীবী হিসেবে  কায়সার কামাল ও এডভোকেট মাহফুজুর রহমানের নাম উল্লেখ করেছে। ডিসেন্টের বরাত দিয়ে ফয়সালের আইনজীবী হিসেবে শিশির মনিরের নাম জড়ানোর বিষয়টি সঠিক নয়।

সুতরাং, শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ফয়সালের অস্ত্র মামলার আইনজীবী সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img